আইপিএল-২০২৫ এর মেগা নিলাম শেষ হলো। বিক্রি হলেন ১৮২ জন খেলোয়াড়, খরচ হলো মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। আলোচিত এই নিলামে বাংলাদেশের জন্য কোনো সুখবর নেই, বিক্রি হননি ১২ জনের একজনও!
ইংলিশ তারকা মঈন আলী দুই দফায় অবিক্রিত থাকার পর তৃতীয় দফায় দল পেলেন। তাকে ২ কোটিতে কিনেছে কলকাতা। তারা অজিঙ্ক রাহানে ও উমরান মালিককেও কিনেছে শেষ মুহূর্তে। মোট ২১ জনকে কিনেছে শাহরুখ খানের দল। যদিও অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে কেউ কেনেনি।
এবারের অন্যতম চমক ১৩ বছরের বৈভব সূর্যবংশী। তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।
এবারের নিলামে বিদেশিদের পেছনে ছুটছে না ফ্র্যাঞ্চাইজিগুলো, তারা বরং ভারতীয় খেলোয়াড়দের পেছনেই বেশি বিনিয়োগের নীতি গ্রহণ করেছে। রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া নিলামে আজ দ্বিতীয় দিন রাত ১০টা পর্যন্ত শীর্ষ ব্যয়বহুল ৫ খেলোয়াড়ই ছিল ভারতের!
রোববার ঋষভ পন্তকে রেকর্ড ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্ট। তাকে কেনার ৩০ মিনিট আগে আরেক ভারতীয় শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে রেকর্ড গড়েছিল পাঞ্জাব কিংস। যদিও কিছুক্ষণ পর রেকর্ডটি হাতছাড়া হয় প্রীতি জিনতার দলের।
এই দুজনের বাইরে ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স, পেসার অর্শদীপ সিংকে ১৮ কোটিতে পাঞ্জাব ও যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি একই দল কিনে নেয়।
এখন পর্যন্ত ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে ব্যয়বহুল বিদেশি হিসেবে ইংল্যান্ডের জস বাটলারকে কিনেছে গুজরাট টাইটান্স। এছাড়া লোকেল রাহুলকে ১৪ কোটিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস, ট্রেন্ট বোল্টকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, একই দামে জোফরা আর্চারকে রাজস্থান রয়্যালস, জস হ্যাজেলউডকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে। মোহাম্মদ সিরাজকে ১২ কোটি ২৫ লাখে গুজরাট, মিচেল স্টার্ককে ১১ কোটি ৯৫ লাখে দিল্লি কিনেছে।










