ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি মৌসুমে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজ ও তাসকিনকে দলে ভিড়িয়ে আলোড়ন সৃষ্টি করেছিল মোহামেডান স্পোর্টিং
ক্লাব। জাতীয় দলের খেলা, ইনজুরি ও পারিবারিক কারণে মাহমুদউল্লাহ বাদে কারোরই লিগটিতে খেলা হয়নি।
মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় সাকিব আল হাসান অবস্থান করছেন আমেরিকায়।
অপরদিকে ইনজুরিতে ভুগছেন তাসকিন আহমেদ। বাকি ছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান
মিরাজ। জাতীয় দলের ব্যস্ততা শেষে দুই ক্রিকেটার যখন লিগে খেলবেন তখন দলটিই কিনা
আসর থেকে বিদায় নিল। এতে মুশফিক-মিরাজের ডিপিএল খেলার অনিশ্চয়তা দেখা দেয়।
তবে শেষ পর্যন্ত ডিপিএলে খেলা হচ্ছে তাদের, মাঠে নামবেন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।
সুপার লিগের ম্যাচে খেলবেন তারা। লিগের নিয়মানুযায়ী,
যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি
ম্যাচও না খেলেন এবং সেই দল বিদায় নেয় তবে দলের অনুমতি সাপেক্ষে খেলোয়াড়টি আরেক
দলে খেলতে পারবেন। সেই নিয়মেই মুশফিক-মিরাজ শেখ জামালে খেলছেন।
শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম
জানিয়েছেন, মোহামেডানের অনুমতি নিয়েই এই দুই ক্রিকেটারকে দলে নিয়েছেন তারা। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা এ বছর গ্রুপ স্টেজ খুব সুন্দর করে শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের
বিপক্ষে জয়ের পর ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সুপার লিগে কোয়ালিফাই করেছি।
সুপার লিগে দলকে কীভাবে আরো শক্তিশালী করা যায়,
সেটা চিন্তা করছিলাম।
রাউন্ড রবিন পর্বে ১০ ম্যাচের নয়টিতেই
জিতেছে শেখ জামাল। নতুন করে মুশফিক ও মিরাজের মতো তারকার অন্তর্ভুক্তি দলকে বাড়তি
প্রেরণা দেবে বলে মনে করছেন টিম ডিরেক্টর।
তিনি বলেন, চ্যাম্পিয়ন হওয়া থেকে আমরা মাত্র ৩ ম্যাচ (জয়) দূরে। তাদের পারফরম্যান্স এবং দলের বাকিরা যেভাবে পারফর্ম করছে, আশা করি চ্যাম্পিয়নশিপে আমরা ভালো ফাইট দিতে পারব। আশা করি, চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করতে পারব আমরা।
আগামীকাল সুপার লিগ শুরু হবে। প্রথম দিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে শেখ জামাল। একই দিন মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং আবাহনী ও প্রাইম ব্যাংক। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।










