যুক্তরাষ্ট্রে চলমান ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বের ১৬ দল চূড়ান্ত হয়েছে। গতকাল রাতেই নকআউটের উত্তাপ শুরু হয়ে গেছে। আজ লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

সর্বশেষ শুক্রবার সকালে ‘এইচ’ গ্রুপের মীমাংসা হয়। রেড বুল সলজবুর্গকে ৩-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ও পাচুকাকে ২-০ গোলে হারিয়ে সৌদি আরবের আল হিলাল উঠেছে শেষ ষোলোয়। আগের রাতে জুভেন্টাসকে ৫-২ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। জুভেন্টাস গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

জুভেন্টাসকে ৫-২ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদকে এড়াতে পেরেছে পেপ গার্দিওলার দল। গ্রুপ রানার্সআপ হলেই তাদের শেষ ষোলোয় খেলতে হতো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। যদিও শেষ ম্যাচে দাপটে জিতে রিয়ালকে এড়াতে সমর্থ হয় ইংলিশ জায়ান্টরা।

৩৬ বারের ইতালীয় লিগ চ্যাম্পিয়নকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে গার্দিওলার দল। ৭৬ শতাংশ বলের ওপর ছিল সিটির দখল। তাদের ৭৩৮টি পাসরে বিপরীতে জুভেন্টাস ২১৯টি ও তাদের ২৪ শটের বিপরীতে জুভেন্টাস মাত্র পাঁচটি শট নিতে সমর্থ হয়। সিটির হয়ে গোল করেন জেমেরি ডকু, পিয়েরে রোমেল কালুলু, আরলিং হালান্ড, ফিল ফডেন ও সাভিনিয়ো। এ জয়ে তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হলো ম্যানসিটি। এ জয়ের মধ্য দিয়ে প্রতিপক্ষ দলগুলোকে বিশেষ বার্তাই দিল সিটিজেনরা।

এদিকে সলজবুর্গের সঙ্গে হারলেই বিদায়ের ঝুঁকিতে পড়ত রিয়াল মাদ্রিদ। যদিও শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাবটিকে হেসেখেলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আলোনসোর দল। ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা শেষ ষোলোয় খেলবে ‘জি’ গ্রুপের রানার্সআপ জুভেন্টাসের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় শুরু হবে।

নকআউটে থাকছে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। যেমন অল-ব্রাজিল লড়াইয়ে পালমেইরাসের মুখোমুখি হবে ফ্লামেঙ্গো। এটাই নকআউটের প্রথম ম্যাচ। গতকাল রাত ১০টায় মুখোমুখি হয় এ দুটি দল। শনিবার রাতে আরেক ম্যাচে পর্তুগিজ দল বেনফিকার মুখোমুখি হয় ইংলিশ দল চেলসি।

আজ রাতে ইন্টার মায়ামির মুখোমুখি হবে বর্তমান ইউরোপসেরা পিএসজি। লিওনেল মেসির বর্তমান দল ও সাবেক দল বলে বাড়তি আলোতে থাকছে ম্যাচটি। বার্সেলোনার দীর্ঘ ১৭ বছরের অধ্যায়ের শেষে ২০২১ সালে পিএসজিতে নাম লেখান আর্জেন্টাইন ফরওয়ার্ড। ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত খেলেছেন প্যারিসে। ২০২৩ সালে তিনি মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে নাম লেখান। মেসির আগমন ছিল ফুটবলে দুনিয়া কাঁপানো এক ঘটনা। যুক্তরাষ্ট্রের ফুটবল মানচিত্রটাই বদলে দিতে থাকেন তিনি। মেসি আছেন বলেই ইন্টার মায়ামি আর মেজর লিগ সকার নিয়ে বিশ্বব্যাপী সমর্থকদের আগ্রহ তৈরি হতে থাকে। তার দলটি এবার মেজর লিগ সকারের পারফরম্যান্স ও স্বাগতিক হিসেবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেয়। গ্রুপের বৈতরণী পেরিয়ে তারা জায়গা করে নেয় শেষ ষোলোয়ও।

গ্রুপে প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র করে বসে মায়ামি। পরে পোর্তোকে ২-১ গোলে হারালেও শেষ ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে পালমেইরাসের সঙ্গে। নকআউটে ওঠার জন্য ড্রই যথেষ্ট ছিল তাদের জন্য। পালমেইরাস ও মায়ামি সমান ৫ পয়েন্ট করে নিয়ে নকআউটে উঠেছে। পোর্তো ও আল আহলি উভয়ের ঝুলিতে সমান ২ পয়েন্ট।

পিএসজি এসেছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। প্রথম ম্যাচে অ্যাটলেটিকোকে ৪-০ গোলে হারায় লুই এনরিকের দল। দ্বিতীয় ম্যাচে লাতিনসেরা দল ব্রাজিলের বোটাফোগোর কাছে ১-২ গোলে হেরে বসে তারা। শেষ ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয় পিএসজি। অন্যদিকে, বোটাফোগোকে ১-০ গোলে হারিয়েও লাভ হয়নি অ্যাটলেটিকোর। তাদের গোল ব্যবধানে পেছনে ফেলে নকআউটের টিকিট পায় বোটাফোগো।

এছাড়া ‘সি’ গ্রুপ থেকে বেনফিকা ও বায়ার্ন মিউনিখ; ‘ডি’ গ্রুপ থেকে ফ্লামেঙ্গো ও চেলসি; ‘ই’ গ্রুপ থেকে ইন্টার মিলান ও মন্তেরেই; ‘এফ’ গ্রুপ থেকে বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্লুমিনেন্স উঠেছে শেষ ষোলোয়।

৪ ও ৫ জুলাই কোয়ার্টার ফাইনাল, ৮ ও ৯ জুলাই সেমিফাইনাল এবং ১৩ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের ক্লাব বিশ্বকাপ আসর।