আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সোয়া লাখেরও বেশি দর্শক বিশ্বকাপ ফাইনাল দেখবেন, যার বেশিরভাগই গলা ফাটাবেন স্বাগতিক ভারতের হয়ে। এটা ভারতকে যেমন বাড়তি সুবিধা দেবে, তেমনি চাপে রাখবে অস্ট্রেলিয়াকে। যদিও এতে মোটেও ভীত নন অজি দলনায়ক প্যাট কামিন্স।

ভারতের এই বিপুল দর্শককে চুপ করিয়ে দিতে চান অজি দলনায়ক। আজ শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার যে, দর্শক সমর্থন একপেশেই হবে। জানি, স্টেডিয়ামটা ফুলহাউজ হবে। প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক ভারতকে সমর্থন করবে। কিন্তু বিশাল দর্শককে চুপ করিয়ে দেয়ার মতো আনন্দের আর কিছু খেলায় নেই। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য। ফাইনালের প্রতিটি অংশকেই আপনার মেনে নিতে হবে। এটা তো আগে থেকেই সবার জানা ছিল যে, ফাইনালের দিন অনেক মানুষের শোরগোল হবে, যা আপনাকে অভিভূতই করে দেবে।’

ভারত চলতি আসরে একমাত্র অপরাজিত দল। রাউন্ড রবিন লিগে টানা ৯টি জয় তুলে নেয়ার পর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৯৭ রানের সৌধ গড়ে জিতেছে তারা ৭০ রানে। অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারত। ফাইনালের পথে একের পর এক দলকে গুঁড়িয়ে দিয়ে এসেছে তারা। প্রথম পাঁচ ম্যাচে রান তাড়া করে দাপটে জিতেছে রোহিত শর্মার দল। পরের পাঁচ ম্যাচে তারা জিতেছে যথাক্রমে ১০০, ৩০২, ২৪৩, ১৬০ ও ৭০ রানে! এই জয়গুলোই বলছে, ব্যাট-বলে কতটা প্রতাপ দেখিয়ে ফাইনালে উঠেছে ভারত। আর অসিরা দুটিতে হেরে যাওয়ার টানা আট ম্যাচ জিতে ফাইনালে উঠেছে।

প্রতিপক্ষকে নিয়ে কামিন্স বলেন, ‘তারা খুবই ভালো ক্রিকেট খেলে চলেছে। টুর্নামেন্টের অপরাজিত দল। কিন্তু বিশ্বাস আছে, নিজেদের সেরাটা দিয়ে তাদের কাঁপিয়ে দিতে পারি আমরা।’

জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক ভারতের টপ অর্ডারকে পরীক্ষার মুখে ফেলতে পারেন কিনা, তার ওপর ফাইনালের ভাগ্য অনেকটাই জড়িত। এ নিয়ে কামিন্স বলেন, ‘তার (স্টার্ক) ও জস হ্যাজেলউডের ওপেনিং পার্টনারশিপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা দুজনই বড় ম্যাচের খেলোয়াড়, বেশ কয়েকটি আইসিসি ফাইনালে খেলেছে। কাজেই নিজেদের করণীয় তারা জানে।’

অজিরা এখনো ‘পরিপূর্ণ ম্যাচ’ খেলতে পারেনি এবং ফাইনালের জন্যই সেরাটা জমা রেখেছে! কামিন্স সেটাই জানালেন। তার কথায়, ‘বড় কোনো জয় নেই। প্রতিটি জয়ের জন্য আমাদের লড়াই করতে হয়েছে। তবে হ্যাঁ, আমরা জয়ের একটি উপায় বের করতে পেরেছি। এটাই আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’