এর আগে বৃহস্পতিবার প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করে ইতিহাস গড়ে লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয় ম্যাচে ধরা দিল জয়।
বাংলাদেশ পুরুষ হকি দল আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করে ১৯৭৮ সাল থেকে। আর নারীরা কেবলই যাত্রা করল। যাত্রাটা রঙিনই হলো তাদের। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নেমেই প্রথম দুই ম্যাচে তারা অপরাজিত থাকার কৃতিত্ব দেখাল। এবার তাদের সামনে দারুণ এক অর্জনের হাতছানি। রোববার হংকংকে হারালেই তারা প্রথমবারের মতো উঠে যাবে এশিয়ান গেমস হকির মূল পর্বে।
চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় বসছে পরবর্তী এশিয়ান গেমস। ওই গেমসের নারী হকিতে অংশ নেবে মোট ১০টি দল। স্বাগতিক জাপান ছাড়া ২০২২ সালের এশিয়ান গেমস হকির পারফরম্যান্স বিবেচনায় সুযোগ পেয়েছে চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। বাকি চারটি দল আসবে বাছাই পর্ব খেলে।
জাকার্তায় চলমান বাছাই পর্বে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের।
জাকার্তায় জিবিকে হকি মাঠে গতকাল খেলা শুরুর ১১ মিনিটে শারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। ১ মিনিট পরই সমতায় ফেরে উজবেকিস্তান। ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই একের পর এক আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা। ২৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়িয়ে বাংলাদেশকে আবার এগিয়ে দেন কনা আক্তার।
তৃতীয় কোয়ার্টারেও কর্তৃত্ব করে বাংলাদেশ। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাংলাদেশের আইরিন আক্তার। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে উজবেকিস্তান। শেষ ১৪ মিনিটে উজবেকিস্তান গোলের জন্য মরিয়া হলেও বাংলাদেশ পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে।
ছেলেদের বাছাই পর্ব উতরে এশিয়ান গেমসে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। ছেলেদের ফিল্ড হকিতে অংশ নেবে মোট ১২টি দল। জাপান ছাড়াও খেলবে চীন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ওমান, শ্রীলংকা ও উজবেকিস্তান।










