অ্যান্টিগা টেস্টে ৮৪ রানে ৩ উইকেটের পতন ঘটিয়েও ওয়েস্ট ইন্ডিজকে কাবু করতে পারেনি বাংলাদেশ। মিকাইল লুইস ও অলিক আথানাজের ১৪০ রানের জুটিতে স্থিতি আসার পর জাস্টিন গ্রিভস ও কেমার রোচের আরেকটি ১৪০ রানের জুটিতে বিধ্বস্ত বাংলাদেশ!

শনিবার রাতে রান পাহাড়ে চাপা পড়া বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ২১ রানে হারিয়ে ফেলে ২ উইকেট। জাকির হাসান ইনসাইড এজ হয়ে বোল্ড হন জেইডেন সিলসের বলে। আর আলজারি জোসেফের বলে স্লিপে আথানাজকে ক্যাচ তুলে দিয়েছেন মাহমুদুল হাসান জয়। এরপর আর কোনো উইকেট না হারিয়ে দিন পার করতে সমর্থ হয় বাংলাদেশ। শাহাদাত হোসেন দিপু ১০ ও মুমিনল হক ৭ রানে অপরাজিত থেকে আজ ফের ব্যাটিংয়ে নামছেন।

বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ক্যারিবীয় পেসাররা। ২০১৮ সালে এই মাঠে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে বাংলাদেশের। ২০২২ সালে এই মাঠে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১০৩ রানে। দুটি ম্যাচেই বাংলাদেশকে গুঁড়িয়ে দেন কেমার রোচ। আজ কি গ্রিভস, আথানাজ, রোচের মতোই ব্যাট হাতে লড়বেন মুমিনুলরা, নাকি ভেঙে পড়বেন অতীতের মতোই?

এর আগে গ্রিভসের প্রথম টেস্ট সেঞ্চুরিতে (১১৫) ভর করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। রোচ করেন মূল্যবান ৪৭ রান। এর আগে লুইস ৯৭ ও আথানাজ ৯০ রান করেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তিনটি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। তাইজুল ইসলামের শিকার এক উইকেট।

আজ রোববার তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।