আগামী সোমবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। জানা যায়, এবার ছয়টি গ্রেডে বাংলাদেশের ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক সবচেয়ে বেশি। এই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ছয় সিনিয়র ক্রিকেটার। যেখানে তারা সর্বোচ্চ মূল্য ৭০ লাখ টাকা করে পাবেন।

পিএসএল দিয়ে প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজাও ফিরছেন ক্রিকেটে। গত বছরের ১৮ ডিসেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। তিনি আছেন ‘এ’ গ্রেড ক্যাটাগরিতে।

মাশরাফি ছাড়াও ‘এ’ ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

লিটন দাস, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকারসহ মোট ১৫ জন আছেন ‘বি’ গ্রেডে। এই গ্রেডের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা।

সীমিত ওভারের ক্রিকেটে একসময়ের সেরা পেসার রুবেল হোসেনকে রাখা হয়েছে ‘সি’ গ্রেডে। রুবেল ছাড়া এই গ্রেডে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের তৌহিদ হূদয়, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও হাসান মুরাদ। টেস্ট দলের স্পিনার তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসানও আছেন এই ক্যাটাগরিতে। ‘সি’ গ্রেডের পারিশ্রমিক ২৫ লাখ টাকা।

জাতীয় দল থেকে বাদ পড়া বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ‘ডি’ গ্রেডে। এই গ্রেডের পারিশ্রমিক ১৮ লাখ টাকা। মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, আবু হায়দার রনি, নাসির হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, সাব্বির রহমান, সোহাগ গাজী, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলী, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, নাঈম ইসলাম, রাকিবুল হাসান সিনিয়র, সাকলাইন সজীবসহ মোট ৪৫ জন আছেন এই তালিকায়। এই গ্রেডে যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও আছেন।

৩৫ জনকে নিয়ে তৈরি করা হয়েছে গ্রেড-‘ই’। এই গ্রেডের পারিশ্রমিক- ১২ লাখ টাকা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারদের নিয়ে এই ড্রাফট তৈরি হয়েছে। নাজমুল হোসেন মিলন, তাসামুল হক, অভিষেক মিত্র,  ধীমান ঘোষ, তাইবুর রহমান পারভেজ, শাহবাজ চৌহান, রবিউল ইসলাম রবি আছেন এই গ্রেডে। সবেচেয়ে বেশি ৭৬ ক্রিকেটার আছেন ‘এফ’ গ্রেডে। তাদের পারিশ্রমিক ৫  লাখ টাকা।