অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলকে। লুয়ান্ডায় ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। অ্যাঙ্গোলার জন্য ম্যাচটি ঐতিহাসিক। এ ম্যাচ খেলতে যাওয়ায় আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সরকার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে (এএফএ) দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো (প্রায় ১৭০ কোটি টাকা)।

আর্জেন্টিনাকে নিয়ে দেশের ফুটবলে উন্মাদনা তৈরি করতে চায় অ্যাঙ্গোলা। অন্যদিকে আর্জেন্টিনার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নেয়া। সেই সঙ্গে আয়ের সুযোগ তো থাকছেই। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ও দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও পরীক্ষা-নিরীক্ষা করছেন স্কালোনি। অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধাবাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ।

স্পেনে অনুশীলন ও অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কালোনির ২৪ সদস্যের দলে তিনজন একেবারে নতুন মুখ। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। বিশ্রাম দেয়া হয়েছে বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায় খেলেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে নিয়ে এবার চমক দেখিয়েছেন স্কালোনি। এক ঘোষণায় তাপিয়া জানান, তার ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে অ্যাঙ্গোলা সফরের দলে নেয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়।

আর্জেন্টিনা দলে প্রথমবারে মতো ডাক পেয়েছেন পানিচেলি। বুয়েন্স আয়ার্সের খ্যাতিমান ক্লাব রিভার প্লেটের যুব দলে খেলে বড় হওয়া ২৩ বছর বয়সী এ ফরওয়ার্ড এখন ফরাসি ক্লাব রেসিং স্ত্রাসবুর্গের হয়ে দুর্দান্ত খেলছেন। গত জুলাইয়ে আলাভেস থেকে স্ত্রাসবুর্গে যোগ দেয়া পানিচেলি ১১ ম্যাচে ৯ গোল করেছেন। তিনিই লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা। ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচেও গোল করেছেন পানিচেলি।

এবারের অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে আলো ছড়িয়ে আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেন ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি। অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে ফাইনালে মরক্কোর কাছে আর্জেন্টিনা হারলেও টুর্নামেন্টে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন প্রেস্তিয়ানি। সংগত কারণেই স্কালোনির নজরে পড়েছেন তিনি। এছাড়া ২২ বছর বয়সী মিডফিল্ডার পেরোনেও থাকছেন আকাশি-সাদা শিবিরে। ইতালির ক্লাব কোমোর হয়ে খেলছেন তিনি।

আর্জেন্টিনার স্থানীয়রা না থাকলেও শক্তিশালী স্কোয়াড নিয়েই অ্যাঙ্গোলায় যাচ্ছেন স্কালোনি। দলটির অধিনায়ক লিওনেল মেসি আলো ছড়াবেন অ্যাঙ্গোলায়। এছাড়া অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজের মতো তারকারা আছেন এ সফরের দলে।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি ও ডি পল রয়েছেন ব্যস্ত সূচিতে। এর পরও তাদের দুজনকে রেখেছেন স্কালোনি। রোববার সকালে ন্যাশভিল এসসিকে হারাতে পারলে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠে যাবে ইন্টার মায়ামি, যে ম্যাচ হতে পারে ২২ বা ২৩ নভেম্বর। অক্টোবরের রোস্টারেও তাদের দুজনকে রেখেছিলেন স্কালোনি। তখন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি ম্যাচই খেলেছেন ডি পল, আর মেসি খেলেন একটি ম্যাচ।

২৪ সদস্যের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ। রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেনতিন বারকো। মাঝমাঠ: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ। আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।