গত মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ভারতকে হোয়াইটওয়াশ করে চমক দেখায় নিউজিল্যান্ড। সেই কিউইরা এবার ঘরের মাঠে ইংল্যান্ডের সামনে অসহায়। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে হারল টানা দুই টেস্ট। দাপট দেখানো ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিয়েছে। কিউইদের যেমন ভারত জয়ের পর পতন হয়েছে, ইংলিশদের ক্ষেত্রে ঘটেছে উল্টো। পাকিস্তানের মাটিতে টানা দুই টেস্ট হেরে যাওয়া দলটি এবার নিউজিল্যান্ড সফরে টানা দুই টেস্ট জিতল!

৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে আজ রোববার তৃতীয় দিন মাঠে নামা ইংল্যান্ড বোর্ডে আরো ৪৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করে (৪২৭/৬/ডিক্লেয়ার্ড)। ৭৩ রান নিয়ে দিন শুরু করা জো রুট টেস্টে ৩৬তম সেঞ্চুরি তুলে নেন। ১০৬ রান করেন তিনি। বেন স্টোকস অপরাজিত ছিলেন ৪২ বলে ৪৯ রান করে।

AP24342841811964

এরপর ৫৮৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে টম ব্লান্ডেলের সেঞ্চুরির (১০২ বলে ১১৫) পরও ২৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫ রানে ৩ উইকেট নেন বেন স্টোকস। এছাড়া ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও শোয়েব বশির নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসে ১২৩ ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হ্যারি ব্রুক।

হ্যামিল্টনে ১৪ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। স্টোকসদের সামনে এবার ৩-০ করার হাতছানি।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৮০ ও ৪২৭/৬/ডি. (রুট ১০৬, বেথেল ৯৬, ডাকেট ৯২; সাউদি ২/৭২)। নিউজিল্যান্ড: ১২৫ ও ২৫৯ (ব্লান্ডেল ১১৫, স্মিথ ৪২; স্টোকস ৩/৫, ওকস ২/২০, কার্স ২/৫৩, বশির ২/১১০)। ফল: ইংল্যান্ড ৩২৩ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: হ্যারি ব্রুক (ইংল্যান্ড)।