চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল-২০২২) শিরোপার সুবাস পাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগের তৃতীয় রাউন্ডে আজ বিকেএসপির চার নম্বর মাঠে টেবিলের তিন নম্বর দল প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল। এ ম্যাচটি জিতলেই তারা শিরোপা উৎসব করতে পারবে, যদি আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুইয়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে যায় আবাহনী লিমিটেডের কাছে। আর শেখ জামাল ও রূপগঞ্জ উভয়ই জিতলে শিরোপার মীমাংসা হবে চতুর্থ কিংবা পঞ্চম রাউন্ডে।
আজ সুপার লিগের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। যদিও শিরোপা বিবেচনায় ম্যাচটি কম গুরুত্ব বহন করে। শেখ জামাল ও লিজেন্ড অব রূপগঞ্জ ছাড়া বাকি চার দলের জন্য এখন পরের ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতার। শিরোপার রেসটা এখন সীমিত শুধু শেখ জামাল ও রূপগঞ্জের মধ্যে। সেখানে আবার অনেকটাই এগিয়ে থেকে শিরোপার ঘ্রাণ পাচ্ছে শেখ জামাল।
অবিশ্বাস্য গতিতে ছুটছে শেখ জামাল। ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল যেন একাই বদলে দিয়েছেন দলটিকে। রাউন্ড রবিন ও সুপার লিগ মিলিয়ে টানা ১২ ম্যাচ খেলে ১১টিতেই জয় তুলে নিয়েছে শেখ জামাল। এবারের লিগে তাদের একমাত্র হারটি এসেছে সেই ২৮ মার্চ মোহামেডানের বিপক্ষে। খেলাঘরকে ৬ উইকেটে হারিয়ে সূচনা করা শেখ জামাল এরপর লিজেন্ডস অব রূপগঞ্জ, শাইনপুকুর, ব্রাদার্স, গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক, আবাহনী, রূপগঞ্জ টাইগার্স, সিটি ক্লাব, গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে।
এদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ ১২ ম্যাচের মধ্যে ৯টি জিতেছে, হেরেছে তিনটি। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরেছে রূপগঞ্জ। কাকতালীয়ভাবেই শেখ জামাল ও রূপগঞ্জ উভয়ই হেরেছে বিদায় নেয়া মোহামেডানের কাছে।
রাউন্ড রবিন লিগের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে হারানো রূপগঞ্জ এরপর টানা হেরেছে শেখ জামাল ও প্রাইম ব্যাংকের কাছে। যদিও এরপর টানা ছয় জয়ে সুপার লিগে সংহত অবস্থান গড়ে নেয়। এখন ক্ষীণ হলেও শিরোপা জয়ের সুযোগ শেষ হয়ে যায়নি রূপগঞ্জের। যদিও এজন্য নিজেদের ম্যাচগুলো জয়ের পাশাপাশি শেখ জামালের হারের প্রার্থনাও করতে হবে তাদের।
একটি বিষয় আশা দেখায় রূপগঞ্জকে। শেখ জামাল আজ খেলবে শীর্ষ রান সংগ্রাহক এনামুল হক বিজয়দের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে এবং পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ আবাহনী। এ দুটি ম্যাচে যদি শেখ জামালের পা হড়কায় তবেই সুবর্ণ সুযোগ এসে যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে। সেক্ষেত্রে ২৮ এপ্রিল মুখোমুখি লড়াইয়ে শিরোপার মীমাংসা হবে। অবশ্য ওই ম্যাচটিকে ‘ফাইনাল’-এ রূপ দিতে রূপগঞ্জকে জিততে হবে আবাহনী ও গাজী গ্রুপের বিপক্ষে।
ব্যক্তিগত নৈপুণ্যে এবার সবাইকে ছাড়িয়ে পারভেজ রসুল। বল হাতে সর্বোচ্চ ২৪ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে তিনি করেছেন ২১৪ রান। ১২ ম্যাচে সর্বোচ্চ ৮৭৮ রান করেছেন বিজয়। ৭৮৭ রান নিয়ে তার পরেই লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম। এরপর রয়েছেন আবাহনীর মোসাদ্দেক হোসেন (৬১৫ রান), জাকির
হাসান (৫৭৮ রান) ও খেলাঘরের অমিত হাসান (৫৭৫ রান)। উইকেট শিকারে রসুলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান। এছাড়া রূপগঞ্জের চিরাগ জনি ২০টি, খেলাঘরের মাসুম খান ২০টি ও রূপগঞ্জ টাইগার্সের মুকিদুল ইসলাম ১৯টি উইকেট নিয়েছেন।










