স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে লিগ লিডার বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। দুই দলেরই সংগ্রহ সমান ৬৩ পয়েন্ট। যদিও বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে রিয়াল। আজ রোববার রাতে জিরোনার বিপক্ষে ২৯তম রাউন্ডের ম্যাচ খেলবে কাতালানরা। এ ম্যাচে জিতলে ফের রিয়ালকে তিন পয়েন্টে পেছনে ফেলবে হ্যানসি ফ্লিকের দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে।

ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ফেদেরিকো ভালভার্দেকে মূল একাদশে না রেখেই এদিন খেলতে নামে রিয়াল। তারা প্রত্যেকেই জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে ফিরেছেন। খর্বশক্তির দল নিয়ে বেশ ভুগতে হয় লস ব্লাঙ্কোসদের। যদিও শেষ পর্যন্ত তিন পয়েন্ট তুলে নিতে সমর্থ হয় তারা।

কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে জিতিয়েছেন রিয়ালকে। ৩২ মিনিটে ফরাসি স্ট্রাইকারের পেনাল্টি থেকে করা গোলে লিড নেয় রিয়াল। পানেনকা শটে মার্কো মিত্রোভিচকে পরাস্ত করেন তিনি। এক মিনিট পর দিয়েগো গার্সিয়ার গোলে সমতা আনে লেগানেস। ৪১ মিনিটে দানি রাবার গোলে ২-১-এ লিডও নেয় লেগানেস!

এরপর জুড বেলিংহ্যাম ও এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে রিয়াল। ৪৭ মিনিটে ইংলিশ তারকা বেলিংহ্যাম ও ৭৬ মিনিটে এমবাপ্পে গোল করেন। এ নিয়ে ৪৪ ম্যাচে ৩৩ গোল করলেন এমবাপ্পে। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও রিয়ালে নিজের প্রথম মৌসুমে (২০০৯-১০ মৌসুম) সব ধরণের প্রতিযোগিতায় ৩৩ গোল করেছিলেন। এমবাপ্পে তাকে ছাড়িয়ে বেশ দূরে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।

২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চারে বিলবাও।