সফররত মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে আজ দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

প্রথম ম্যাচে অতিথি দলকে নিয়ে রীতিমতো গোল উৎসব করে বাংলাদেশ। আঁখি খাতুন জোড়া গোল করেন। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী গোল করেন। আজ মালয়েশিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের সুযোগ সাবিনাদের সামনে।

আজকের ম্যাচটি সামনে রেখে শুক্রবার ও শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করে দুই দল। গতকাল বিকালের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। আর সকালে অনুশীলন করে সফররত মালয়েশিয়া ফুটবল দল।

উল্লেখ্য, এর আগে মাত্র একবার মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৪ সালে সিঙ্গাপুরে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে ১-২ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে এবার ফিফা র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা দলটিকে রীতিমতো গুঁড়িয়ে দেয় তারুণ্যনির্ভর বাংলাদেশ দল।

বিশ্ব র্যাংকিংয়ে মালয়েশিয়ার অবস্থান ৮৫ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ১৪৬ নম্বরে। ৬১ ধাপ এগিয়ে থাকা দলটিকে ৬-০ গোলে হারিয়ে দেয়াটা লাল-সবুজ জার্সিধারীদের জন্য বিরাট সাফল্যই। আজ কি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন সাবিনা-মনিকারা?