প্রথম খেলোয়াড় হিসেবে জার্মান বুন্দেসলিগায় নিজের অভিষেক মৌসুমে চারটি হ্যাটট্রিক
করার কৃতিত্ব দেখালেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। শনিবার রাতে তার কীর্তির রাতে মেইঞ্জকে
৮-১ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শীর্ষ দল বেয়ার লেভারকুসেনের সঙ্গে
পয়েন্ট ব্যবধান কমিয়েছে বাভারিয়ানরা। ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লেভারকুসেন,
এক ম্যাচ বেশি খেলে বায়ার্নের ঝুলিতে ৫৭ পয়েন্ট। লেভারকুসেন আজ রাতে ভল্ফসবুর্গকে হারাতে
পারলে ব্যবধান আগের জায়গায় নিয়ে যেতে পারবে।
৩০ বছর বয়সী কেন চলতি মৌসুমে বুন্দেসলিগায় ২৫ ম্যাচ খেলে করেছেন ৩০ গোল। শনিবার
রাতে তিনি হ্যাটট্রিক করার পাশাপাশি জামাল মুসিয়ালাকে দিয়ে করিয়েছেন আরেক গোল।
গত গ্রীষ্মে প্রায় ৯ কোটি পাউন্ডে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার্স থেকে হ্যারি
কেনকে সই করায় বায়ার্ন মিউনিখ। তিনি বাভারিয়ান ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফর্ম করে
চলেছেন। শনিবারের হ্যাটট্রিকের মধ্য দিয়ে চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তার ৪০ গোল
হয়ে গেল।
রেকর্ড ১২তম লিগ শিরোপার পথে ছুটছে বায়ার্ন মিউনিখ। যদিও এবার তাদের জয়রথ থামাতে
পারে লেভারকুসেন, যার কোচ হিসেবে রয়েছেন স্পেনের জাভি আলোনসো। তিনি একটি সময় খেলেছেন
লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে। এবার তার কোচিংয়ে রীতিমতো উড়ছে লেভারকুসেন
এবং প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছে।










