ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ
টি২০তে মাত্র একবারই দেখা হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের। ২০২১ সালের ২৭ অক্টোবর
আবুধাবিতে বিশ্বকাপের সেই ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আজ
দ্বিতীয়বারের মতো টি২০তে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ শুরু হবে বেলা
তিনটায়।
ঘরে কিংবা বিদেশে টি২০তে বাংলাদেশের পারফরম্যান্স খুব উজ্জ্বল নয়। আবার প্রতিপক্ষ ইংল্যান্ড এ মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ংকর দল। টেস্ট, ওয়ানডে ও টি২০ সব ফরম্যাটেই তারা প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দেয়ার মানসিকতা নিয়ে খেলে থাকে। জস বাটলারের এই দলের বিপক্ষেই আগামীকাল খেলতে নামছে সাকিব আল হাসানের ব্রিগেড।
তবে বাংলাদেশ দলকে প্রেরণা
দিচ্ছে ওয়ানডে সিরিজ। শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে টাইগাররা। সাকিব অলরাউন্ড
পারফরম্যান্সে প্রতিপক্ষকে প্রায় একাই হারিয়ে দেন। আজ চৌকস এই খেলোয়াড়ের নেতৃত্বে
নামছে স্বাগতিকরা। ওয়ানডে জয়ের পর পুরো দল এখন আত্মবিশ্বাসী।
আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংকেও বলেছেন,
তার দল সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই নামছে কাল। দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোচের
দায়িত্ব নেয়া এই লংকান নাগরিক বলেন, ‘অবশ্যই সিরিজ জয়ই আমাদের লক্ষ্য। তবে আমি কোনো
জাদুকর নই বা এমন কেউ নই যে, আগেই ভবিষ্যৎ বলতে পারব। আমরা যা করতে পারি, সেটাই করব। জেতার চেষ্টা করব।’
আজ টি২০ দলের অনুশীলন শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘টি২০
দলকে শুধু আজকেই দেখেছি। ২০২৪ টি২০ বিশ্বকাপের পথে এগিয়ে চলার সবে এটি শুরু। এর
মাঝে অনেক কিছুই হবে। এখন পর্যবেক্ষণ করেছি আমাদের কী আছে, কোন কোন জায়গায় উন্নতি করতে হবে এবং
নিজেদের শক্তিমত্তা অনুযায়ী কোন পরিকল্পনায় আমরা খেলতে পারি।’
বাংলাদেশ দলে অনেক পরিবর্তন। মুশফিকুর রহিম ও তামিম ইকবাল
টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজাও নেই। মাহমুদউল্লাহও দলে
জায়গা পান না। তথাকথিত পঞ্চপাণ্ডবের মধ্যে আছেন শুধু সাকিব। একেবারেই নতুন একটি দল
নিয়ে হাথুরুর সামনেও নতুন চ্যালেঞ্জ। তবু আত্মবিশ্বাসী এই কোচ। দল নিয়ে তিনি বললেন,
‘টিম স্পিরিট খুব ভালো। সিনিয়র নাকি জুনিয়র তা কোনো বিষয় নয়।’










