মিরপুরে টানা দুই ওয়ানডে ম্যাচে হেরে যাওয়া ভারত আজ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখায়। ঈষান কিষানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৪০৯ রানের বিশাল সংগ্রহ পায় অতিথিরা। জবাব দিতে নেমে স্বাগতিক বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৮২ রানে। তবে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারলেও ২-১-এ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশই।

 

জহুর আজমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৪ বছর বয়সী ইষান। সবচেয়ে কম বলে ও সবচেয়ে কম বয়সে তিনি ডাবল সেঞ্চুরি করলেন। ১৩১ বলে ২৪টি চার ও ১০টি ছক্কায় ২১০ রান করেন তিনি। তার ব্যাটেই আজ পিষ্ট হয় বাংলাদেশ।

 

কিষানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর বিরাট কোহলিও সেঞ্চুরি করেন। ৯১ বলে ১১৩ রান করেন তিনি। এটা তার ৪৪তম ওয়ানডে সেঞ্চুরি। কিষানের ডাবল ও বিরাটের সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান তোলে ভারত। এটা ওয়ানডে ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ দলগত সংগ্রহ, আর বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের বিপক্ষে আগে সর্বোচ্চ ৩৯১ রান করেছিল ইংল্যান্ড।

 

কিষানের আগে ভারতের রোহিত শর্মা, বিরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। এর মধ্যে বর্তমান অধিনায়ক রোহিত শর্মা একাই করেছেন তিনটি ডাবল। ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলার গৌরব দেখিয়েছেন রোহিত। ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রান করেন তিনি। এছাড়া শচীন ২০০ ও শেবাগ ২০৯ রান করেন।

 

এছাড়া ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও পাকিস্তানের ফখর জামান।

 

ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর অবশ্য খুব বেশি সময় টিকতে পারেননি ইষান। ২১০ রানের সময় তাসকিন আহমেদের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

 

বিশাল রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৪ ওভারে অলআউট হয়ে যায়। সাকিব আল হাসান ৫০ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। শারদুল ঠাকুর তিনটি এবং অক্ষর প্যাটেল ও উমরান মালিক দুটি করে উইকেট নেন।