বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন কর্তৃত্ব করল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে দেয় অতিথিরা। ৬১ ওভার আয়ু ছিল স্বাগতিক দলের। সেই একই উইকেটে বাংলাদেশকে কোনো সুযোগ না দিয়ে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন মাঠ ছেড়েছে ক্রেগ আরভিনের দল। ব্রায়ান বেনেট ৪০ ও বেন কারান ১৭ রানে অপরাজিত।
সিলেটের উইকেট বাংলাদেশের জন্য বধ্যভূমি হয়ে উঠলেও জিম্বাবুয়ের জন্য ছিল ব্যাটিং স্বর্গ। তারা দারুণ ব্যাটিংয়ে হতাশ করেন বাংলাদেশের বোলারদের। আলোকস্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার আগে ১৪.১ ওভারে ৬৭ রান তুলেছে তারা ৪.৭২ গড়ে। হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ সফরকারী দলের দুই ওপেনারকে কোনো পরীক্ষায় ফেলতে ব্যর্থ হন।
এর আগে বাংলাদেশের হয়ে মুমিনুল হক সৌরভ ৫৬, নাজমুল হোসেন শান্ত ৪০ ও জাকের আলী ২৮ রান করে দলের মান বাঁচান। জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ২১ রানে ৩টি, ব্লেসিং মুজারাবানি ৫০ রানে ৩টি, ওয়েসলে মাদেভেরে ২ রানে ২টি ও ভিক্টর নিয়াউচি ৭৪ রানে ২টি উইকেট নেন।
জিম্বাবুয়ের ফিল্ডাররা ক্যাচ না ছাড়লে বাংলাদেশের স্কোরবোর্ডের চেহারা আরো খারাপ হতে পারত। মুমিনুল শূন্য রানে জীবন পাওয়ার পর ফিফটি করেছেন। জাকের আলী ১৪ রানে জীবন পাওয়ার পর বোর্ডে আরো মূল্যবান ১৪ রান যোগ করেন। অবশ্য এর পরও বাংলাদেশকে দুইশ রানের মধ্যে আটকে দিতে সমর্থ হয় জিম্বাবুয়ের বোলাররা। এরপর দারুণ ব্যাটিং করে তারা। কোনো উইকেট না হারিয়ে তারা বাংলাদেশের চেয়ে আর ১২৪ রানে পিছিয়ে রয়েছে।










