মাহমুদুল হাসান জয়ের অনবদ্য এক সেঞ্চুরির পরও ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। এই লিডকে পুঁজি করে বাংলাদেশের ওপর ক্রমেই চাপ বাড়াচ্ছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে আজ চতুর্থ দিন ১ উইকেটে ১০৫ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলাররা চারটি উইকেটের পতন ঘটালেও প্রোটিয়ারা ক্রমেই লিড বড় করছে।
৫ উইকেটে ১৫৭ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া প্রোটিয়াদের লিড সব মিলে ২২৬ রান। রায়ান রিকেলটন ১৮ ও
উইয়ান মুলডার ৬ রানে অপরাজিত রয়েছেন।
মধ্যাহ্নভোজের বিরতির পরপরই অধিনায়ক ডিন এলগারকে ফেরান তাসকিন আহমেদ।
লেগ বিফোরের ফাঁদে পড়েন এলগার। তার সঙ্গে দারুণ খেলে চলা কিগান পিটারসেনকে আউট
করেন মেহেদী হাসান মিরাজ। জয়কে ক্যাচ দেন পিটারসেন। পরের ওভারে এবাদত হোসেনের বলে
স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ইনিংসে ৯৩ রান করা তেম্বা বাভুমা (১২৬/৪)।
রিকেলটনকে নিয়ে ইনিংস জোড়া দেয়ার চেষ্টা করছিলেন কাইল ভেরেইন। যদিও
বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাকে ৬ রানে সাজঘরে ফেরান মিরাজ। দলীয় ১৪৮ রানের সময়
সাদমান ইসলামকে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।
পঞ্চম উইকেট পতনের পর চা-বিরতির আগ পর্যন্ত ষষ্ঠ উইকেটে ৮.৫ ওভার খেলে বোর্ডে মাত্র ৯ রান যোগ
করে মুমিনুলদের হতাশ করতে থাকেন মুলডার ও রিকেলটন।
এর আগে দলীয় ৪৮ রানের মাথায় প্রোটিয়া ওপেনার সারেল আরউইকে সাজঘরে
ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ফাস্ট বোলার এবাদত। আরউইকে তিনি লেগ
বিফোরের ফাঁদে ফেলেন। যদিও এরপর অবিচ্ছিন্ন থেকে ১৪.৩ ওভারে ৫৭ রান তুলে দলকে সংহত
জায়গায় নিয়ে যান এলগার ও পিটারসেন। এ নিয়ে টানা দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন
প্রোটিয়া দলনায়ক। প্রথম ইনিংসে ৬৭ রানের পর আজ করেন ৬৪ রান।










