সেন্ট কিটসে রোববার রাতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের টার্গেট দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। শেরফান রাদারফোর্ড ঝড়ো সেঞ্চুরিতে হৃদয় ভেঙেছেন মেহেদী হাসান মিরাজদের। আজ একই মাঠে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
ক্যারিবীয়রা ৫ উইকেটে জিতেছে ১৪ বল হাতে রেখেই। হারের পর বোলারদের দায়ী করেছেন বাংলাদেশ দলনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মিরাজ বলেন, ‘অনেক কিছুই শিখতে পারি আমরা। বেশ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আো ভালো করায় মনোযোগ দিতে হবে আমাদের। এখনো দুই ম্যাচ বাকি আছে। জয়ের জন্য পরিকল্পনা করতে হবে। আমি এখনো মনে করি, আমাদের ভালো সুযোগ আছে।’
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সোমবার ভোর সাড়ে ৩টায় শেষ হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া টাইগাররা তিন ফিফটিতে ৬ উইকেটে ২৯৪ রান তুলতে সমর্থ হয়। এই রান তাড়া করতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারালেও অধিনায়ক শাই হোপ বিপর্যয় সামাল দেন। তিনি কিসি কার্টিকে নিয়ে ৬৭ রান ও রাদারফোর্ডকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন।
হোপ ৮৮ বলে ৮৬ রানের ইনিংস খেলে মিরাজের শিকার হন। ক্যারিবীয়দের তখনো প্রয়োজন ৭৭ বলে ১০৩ রান। অনবদ্য খেলে রান ও বলের ব্যবধান ঘুচিয়ে আনেন বামহাতি ব্যাটার রাদারফোর্ড। জাস্টিন গ্রিভসকে নিয়ে মাত্র ৫৭ বলে ৯৫ রানের বিস্ফোরক জুটি গড়েন তিনি। এ পথে মাত্র ৭৭ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ২৬ বছর বয়সী রাদারফোর্ড।
সেঞ্চুরির পর পার্ট-টাইম বোলার সৌম্য সরকারের বলে আউট হওয়ার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল ৮০ বলে ১১৩ রান। ইনিংসটি সাজান ৭টি চার ও ৮টি বিশাল ছক্কায়। এরপর গ্রিভস ও রোস্টন চেজ দলের জয় নিশ্চিত করেন। গ্রিভস ৩১ বলে ৪১ ও চেজ ২ রানে অপরাজিত থাকেন।
এর আগে তানজিদ হাসান তামিম (৬০ বলে ৬০ রান), মিরাজ (১০১ বলে ৭৪), মাহমুদউল্লাহ (৪৪ বলে ৫০) ও জাকের আলীর (৪০ বলে ৪৮) ব্যাটে ভর করে ৬ উইকেটে ২৯৪ রান তোলে বাংলাদেশ।










