সদ্যই তিন ফরম্যাটে বাংলাদেশ
দলের নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসান বর্তমানে খেলছেন লংকা প্রিমিয়ার লিগে। আজ রোববার
কলম্বোয় জাফনা কিংসের বিপক্ষে দারুণ মিতব্যয়ী বোলিং করেন বামহাতি এই স্পিনার। গল টাইটান্সের
বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে সুবিধা করে উঠতে পারেনি জাফনা কিংস। তারা ২০ ওভারে
৯ উইকেটে ৮৯ রান তুলতে সমর্থ হয়। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিতে সাকিবের রয়েছে বড়
ভূমিকা। তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ১ উইকেট।
জবাব দিতে নেমে ৩৯ বল
হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় সাকিবের দল।
পেস বোলার কাসুন রাজিথা
(৪/২০) ও লাহিরু কুমারাই (২/১৩) বড় ক্ষতিটা করেন জফনার। এই দুজন ২১ রানের মধ্যে জাফনার
শীর্ষ ৫ ব্যাটারকে ফেরান সাজঘরে। সপ্তম ওভারে আক্রমণে এসে সাকিবও উইকেট শিকারের উৎসবে
নাম লেখান। তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন আসেলা গুণারত্নেকে। প্রথম স্পেলে ২ ওভার বোলিং
করে ১০ রান দেন সাকিব। পরে আরো ২ ওভার বোলিং করে দেন মাত্র ৩ রান!
সফলতা পান প্রোটিয়া স্পিনার
তাবরাইজ শামসিও। তিনি ১৯ রানে নেন ২টি উইকেট। টাইটান্স বোলারদের দাপটে জাফনা কিংস লড়াকু
স্কোর গড়তে পারেনি।
কানাডায় গ্লোবাল টি২০
লিগ খেলে লংকা প্রিমিয়ার লিগে যোগ দেন সাকিব। এই লিগে তিনি আজ খেলেন নিজের সপ্তম ম্যাচ।
প্রতিটি ম্যাচেই তিনি বল কিংবা ব্যাট হাতে কিছু না কিছু অবদান রেখেছেন। ৭ ম্যাচে তার
শিকার ৭ উইকেট। রান করেছেন যথাক্রমে ২৩, ৩০, ৬, ১১ ও ১৩। মাঝে এক ম্যাচে তার ব্যাটিংই
করা লাগেনি।
৫ দলের এই আসরে ৭ ম্যাচে এটা
গলের (৬ পয়েন্ট) তৃতীয় জয়। তারা রয়েছে টেবিলের চতুর্থ স্থানে। ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে
ডাম্বুলা অরা। আর জাফনা ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে। তারা নিট রান রেটে সামান্য
ব্যবধানে গলকে পেছনে ফেলে তিনে অবস্থান করছে।










