বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক
কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। আজ সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী
ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালেয়শিয়াকে ৬টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে হারায় লাল-সবুজরা।
প্রথমার্ধে ৩৭-০৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরার
পুরস্কার জিতে নেন স্বাগতিক দলের রাইট রেইডার আল-আমিন।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক
কাবাডিতে এবার দারুণ খেলছে বাংলাদেশ। রোববার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ
কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারায় দলটি। ধারাবাহিকতা ধরে রেখে আজ মালয়েশিয়ার বিপক্ষেও দুর্দান্ত
এক জয় তুলে নিতে সমর্থ হয় আব্দুল জলিলের দল।
প্রথমার্ধে ৩টি লোনাসহ
৩৭ পয়েন্ট ও দ্বিতীয়ার্ধে ৩টি লোনাসহ আরো ৩৬ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। এটা টুর্নামেন্টে
মালয়েশিয়ার টানা দ্বিতীয় হার। রোববার নেপালের কাছে ৬৭-৩০ পয়েন্ট ব্যবধানে হেরেছে তারা।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক
কাবাডির চতুর্থ আসর চলছে। চলতি আসরসহ টানা তিনটি আসরে বাংলাদেশ দলের অপরিহার্য অংশ
রেইডার আল-আমিন। আজ মালয়েশিয়ার বিপক্ষে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আল-আমিন বলেন,
‘আমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি এটা বড় কথা নয়। দল জয় পেয়েছে এটাই আমার কাছে বড়।
টানা দ্বিতীয় জয় পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। মালয়েশিয়া শক্ত প্রতিপক্ষ। কিন্তু ম্যাচে
আমরা দারুণ খেলে তাদের কাছ থেকে পয়েন্ট তুলে নিয়েছি। এই ধারাবাহিকতা পুরো টুর্নামেন্ট
জুড়ে ধরে রাখতে চাই। চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’
জাতীয় দলের পাশাপাশি বর্ডার
গার্ড বাংলাদেশেরও (বিজিবি) সদস্য আল-আমিন ২৯ মে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচেও
জয় চান। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
মালয়েশিয়ার বিপক্ষে জয়
পাওয়ায় খুশি বাংলাদেশের কোচ আব্দুল জলিল। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম
ম্যাচে জয় পেয়েছে দল। আজ মালয়েশিয়ার বিপক্ষেও বড় জয় এসেছে। ছেলেরা দারুণভাবে পরিকল্পনা
বাস্তবায়ন করতে পারছে। তাদের পারফরম্যান্সে আমি অত্যন্ত আনন্দিত।’










