চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিতব্য আগামী ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক শীতকালীন ওই অলিম্পিকে অংশ নেবেন না। চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অ্যাথলেটরা চাইলে অলিম্পিকে অংশ নিতে পারবেন। এতে সরকার পূর্ণ সহযোগীতার করবে।
গতকাল সোমবার হোয়াইট হাউস এ ঘোষণার পর আরো কয়েকটি দেশ ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বয়কটের চিন্তা-ভাবনা করছে। এ তালিকায় আছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশ।
আজ মঙ্গলবার নিউজিল্যান্ড জানিয়েছে শীতকালীন অলিম্পিকে কোনো প্রতিনিধি দল পাঠাবে না।
এ পদক্ষেপের কারণে ব্যাপক প্রতিক্রয়া জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনের সিদ্ধান্তকে আত্ম-নির্দেশিত রাজনৈতিক প্রহসন বলে উল্লেখ করেছে চীন।
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অলিম্পিক সনদের চেতনার মারাত্মক বিকৃতি বলে উল্লেখ করেছে চীনের ওয়াশিংটন দূতাবাস। রয়টার্সের বরাত দিয়ে মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, প্রতিনিধি দল না আসলে ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের উপর কোনো প্রভাব পড়বে না।
জাতিসংঘে চীনা মিশনের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র শুধু খেলাধুলাকে রাজনীতিকরণ করতে চায়। তারা বিভেদ তৈরি করে সংঘাত সৃষ্টি করতে চায়। গেমসের সাফল্য মুষ্টিমেয় দেশের সরকারি কর্মকর্তাদের উপস্থিতির উপর নির্ভর করে না।
গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিংয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকে প্রতিনিধি দণ না পাঠানোর পরিকল্পনার কথা বলেছিলেন।










