দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে না চাওয়ায় ক্ষুব্ধ হয়ে সাকিব আল হাসানকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও কঠোর সমালোচনার মুখে মত পাল্টেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট উভয় সিরিজই খেলবেন এই অলরাউন্ডার। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এক ঘণ্টার বৈঠক শেষে সাকিব নিজেই এ কথা জানিয়েছেন।

 

আজ সকালে বৈঠক শেষে বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে সাকিব বলেন, পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সাথে পরশুও কথা হয়েছে, আজ আবার হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আমি দক্ষিণ আফ্রিকায় খেলব। আমি যেহেতু তিন সংস্করণেই আছি, দল ডাকলে তিন সংস্করণেই খেলার জন্য তৈরি। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম নেয়া দরকার।

সাকিবের পাশে থেকে বিসিবি সভাপতি বললেন, সাকিব যেহেতু আমাকে বলেছে যে ও একটু মেন্টালি ডিস্টার্বড, আমার মনে হয়, এই সময়টায় আমাদের সবার সাকিবের পাশে থাকা উচিত, ওর সঙ্গে থাকা উচিত, মানসিক শক্তি দেয়া উচিত ওকে। একটা জিনিস মনে রাখতে হবে, সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ-মাশরাফি, ওরা অনেক দিয়েছে, অনেক কিছু করেছে দেশের জন্য। এটা অস্বীকার করার পথ নেই। মানুষের কোনো একটা সময় শারীরিক বা মানসিক সমস্যা হতেই পারে। ওই সময়টায় আমাদের উচিত তাদের পাশে থাকা, বোর্ডেরও উচিত। আমরা সবসময় ওদের পাশে আছি, সামনেও থাকব।


আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকা রওনা হবেন সাকিব। এর আগে শুক্র ও আজ শনিবার তিন দলে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, আর টেস্টের নেতৃত্বে রয়েছেন মুমিনুল হক।

 

১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। তিন ওয়ানডের সিরিজের পর রয়েছে দুই টেস্টের সিরিজ। এই দুটি সিরিজেই চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিবকে পাচ্ছে বাংলাদেশ।