বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫১ রান ও ১০ ওভারশেষে এক উইকেটে ৮০ রান তুলে নিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। যদিও স্বাগতিক বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়িয়ে অতিথি দলকে ১৬০ রানের আগেই আটকে দিয়েছে। অধিনায়ক জস বাটলারের হাফসেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তুলেছে অতিথিরা। রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ১০ রান তুলে নিয়েছে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন রনি তালুকদার।

 

৪২ বলে চারটি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ৬৭ রান করেন বাটলার। এছাড়া ফিল সল্ট ৩৫ বলে ৩৮ ও বেন ডাকেট ১৩ বলে ২০ রান করেন। হাসান মাহমুদ ২৬ রানে দুটি উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান প্রত্যেকেই নেন একটি করে উইকেট।

 

এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটেছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটার তৌহিদ হৃদয়ের।

 

এটা টি২০তে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিতীয় লড়াই। এর আগে ২০২১ সালে আবুধাবিতে টি২০ বিশ্বকাপে প্রথবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংলিশরা।

 

সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১-এ হারিয়েছে জস বাটলারের দল। যদিও চট্টগ্রামে শেষ ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। সেই মাঠে এবার সাকিব আল হাসানের নেতৃত্বে সংক্ষিপ্ততম ফরম্যাটে ইংলিশদের মোকাবেলায় নেমেছে টাইগাররা।