জাকের আলী অনিকের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৯.৫ ওভারে ২৬৮ রান তুলে অলআউট হয় টাইগাররা। জাকের ১০৬ বলে ৮ বাউন্ডারি ও ৫ ছক্কায় করেন ৯১ রান।
রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৪ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে চা বিরতিতে যায় । কাভেম হজ ৪৯ ও অলিক আথানাজ ১০ রানে ব্যাট করছিলেন। জিততে স্বাগতিকদের প্রয়োজন ছিল আরো ১৫৪ রান।
এর আগে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আরো ৭৫ রান তুলে অলআউট হয়। এর মধ্যে ৬২ রানই করেন জাকের! গত অক্টোবরে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। অভিষেকেই করেন ফিফটি। এরপর সদ্যই অ্যান্টিগা টেস্টেও করেন ফিফটি।
গতকাল চতুর্থ দিন ৫৪তম ওভারে আলজারি জোসেফের গতিময় বলে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন জাকের। এর পরের দুই বলেও বাউন্ডারি ও ছক্কা মারেন তিনি। ৮০ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার পরের ৪১ রান করেন ২৬ বলে! সেই আলজারিকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন আথানাজের হাতে। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংসও। কেমার রোচ ও আলজারি জোসেফ তিনটি করে ও শামার জোসেফ দুটি উইকেট নেন।










