আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপনে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ‘আপত্তিকর ব্যাঙ্গ-বিদ্রূপ’ করার বিষয়ে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে (ফিফা) তদন্ত করার আহ্বান জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্বকাপ জয়ীদের স্বাগত জানানোকালে আর্জেন্টিনার সমর্থকরা বুয়েনস আয়ার্সে একটি কফিনের ঢাকনার ওপর এমবাপ্পের ছবি রেখে জ্বালিয়ে দিয়েছিল। ছবিটিতে তারা একটি ক্রস চিহ্ন দিয়েছিল। এ ছাড়া আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও এমবাপ্পের ছবি সংবলিত খেলনা পুতুল হাতে নিয়ে ছাদখোলা বাসে উল্লাস করেছেন। দুটি ঘটনার ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। এ ধরণের আপত্তিকর আচরণ বিশ্বজুড়ে ফুটবলেপ্রেমীদের আহত করেছে।

এদিকে ফ্রান্সের ফুটবল ফেডারেশন ও বর্ণবাদবিরোধী সংস্থাগুলো এমবাপ্পে ও তার দলের সতীর্থদের অপমানের বিরুদ্ধে আইনি অভিযোগ করবে বলে জানিয়েছে। 

এ প্রতিক্রিয়ায় ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার বলেছেন, ‘দৃশ্যগুলো অমর্যাদাকর ছিল এবং ঘটনাগুলো ফিফার তদন্ত করে দেখা উচিত।’

তিনি আরো বলেন, ‘ফিফা কি করছে? খেলা হলো সৌন্দর্যের বিষয়। অন্যকে সম্মান করার বিষয়। যারা হেরেছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়।’

গত ১৯ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে প্যানাল্টিতে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। এরপর দলটি ও এর জনপ্রিয় খেলোয়াড় এমবাপ্পে বিদ্রুপের শিকার হন আর্জেন্টাইন খেলোয়াড় ও সমর্থকদের কাছে।

প্যারিসে আর্জেন্টাইন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।