আগামী ২১ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ  (বিপিএল ২০২২) টি২০ টুর্নামেন্ট। ছয় দলের এবারের আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ঢাকা র্যাডিসন হোটেলে বেলা ১২টায় শুরু হবে এই ড্রাফট। 

এবারের আসরে প্রতিটি দলই যেকোনো ক্যাটাগরি থেকে একজন দেশি খেলোয়াড়কে সরাসরি সই করাতে পারছে। এছাড়া প্রতিটি দল ন্যূনতম ১০ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। তবে ‘সরাসরি’ সই করানো একজন ছাড়া বাকি স্থানীয়দের নিতে হবে আগামীকালের ড্রাফটের মাধ্যমে। 

প্রতিটি দল ন্যূনতম তিনজন ও সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় সই করাতে পারবে। প্রতিটি দলের একাদশে তিনজন করে বিদেশি রাখা যাবে। 

এবারের আসরে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৭৫ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে ২০ হাজার পারিশ্রমিক পাবে। 

টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা ও সিলেটের ছয়টি ফ্র্যাঞ্চাইজি। এবার চ্যাম্পিয়ন দল ১ কোটি টাকা ও রানার্সআপ ৫০ লাখ টাকা প্রাইজমানি পাবে।

এদিকে ঢাকা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল ঢাকা স্টার্সের মালিকানা নিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে না পারায় ঢাকা স্টার্সের মালিকপক্ষ রূপা ও মার্ন গ্রুপকে বিপিএলে মালিকানা দেয়া হচ্ছে না। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটির পরিবর্তে প্লেয়ার্স ড্রাফটে ঢাকার দল গোছাবে বিসিবি। অর্থাত্, বিসিবি প্রতিনিধিরাই ঢাকার দল গোছাবেন। তাই রূপা ও মার্ন গ্রুপ অংশ নিতে না পারলেও বিপিএলে অংশগ্রহণকারী দল ৬টিই থাকছে। তবে কোনো ফ্রাঞ্চাইজি চাইলে নির্ধারিত শর্তাবলী মেনে দলটি কিনতে পারবে।

নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি ১ কোটি ও প্লেয়ার্স পেমেন্টের ৪ কোটি টাকাসহ মোট ৫ কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় মালিকানা হারিয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ। ব্যাংক গ্যারান্টি জমা দেয়ার শেষ দিন ছিল ২৩ ডিসেম্বর। গ্রুপটি আজ রোববার ব্যাংক গ্যারান্টির ৫ কোটি টাকা দিতে চাইলেও বিসিবি তা গ্রহণ করেনি।

রূপা ও মার্ন গ্রুপ শর্ত পূরণের জন্য আজ রোববার পর্যন্ত সময় চেয়েছিল। তবে গত শুক্রবারের বোর্ড সভাতেই সিদ্ধান্ত হয়, তাদের রাখা হচ্ছে না। বিসিবি তাদের সিদ্ধান্তে এখন পর্যন্ত অনড়। যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিসিবি। 

বিপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজির মালিকানা

বরিশাল: ফরচুন স্যুজ লিমিটেড

চট্টগ্রাম: ডেলটা স্পোর্টস লিমিটেড (আখতার গ্রুপ)

কুমিল্লা: কুমিল্লা লিজেন্ডস লিমিটেড

ঢাকা: বিসিবি

খুলনা: মাইন্ড ট্রি লিমিটেড

সিলেট: প্রগতি গ্রিন অটো রাইস মিলস