ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে আর্সেনালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার সম্ভাবনা উজ্জ্বল করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে এই জয় শেষে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, শিরোপা ভাগ্য এখন তাদেরই হাতে।

 

গতকাল রাতের এই জয়ের পর আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে নামিয়েছে সিটি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা, তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।

 

সিটির আর সাত ম্যাচ বাকি। আগামী রোববার ফুলহ্যামের মাঠে খেলতে যাবে গার্দিওলার দল। এরপর হোম ম্যাচ যথাক্রমে ওয়েস্ট হ্যাম ও লিডসের বিপক্ষে। এ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘‌আমরা মনোসংযোগ হারাতে পারি না। এখন সবকিছু আমাদেরই হাতে। আমরা যা চাই তা পাব কিনা, সেটি নির্ধারণ করবে পরবর্তী এই তিনটি ম্যাচ। বাস্তবতা হলো, আমরা কিন্তু এখনো আর্সেনালের পেছনে। এটা মোটেও সহজ নয়। তবু আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব, এরপর দেখি কী ঘটে। যেহেতু সবকিছু এখন আমাদেরই হাতে, কাজেই এটি আমাদের ব্যবহার করতে হবে।’

 

ট্রেবল (প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ) জয়ের হাতছানি সিটির সামনে। মৌসুমের চূড়ান্ত পর্বে এসে কীভাবে সেই অভিজ্ঞতা তার খেলোয়াড়রা কীভাবে কাজে লাগায়, সেটি এখন বেশ গুরুত্বপূর্ণ। এখন এমন মানসিকতা প্রয়োজন যে, জয়ের ভিন্ন কিছু নেই। আমাদের খেলোয়াড়রা প্রতিটি ম্যাচে জয়ের ক্ষুধা কিন্তু প্রদর্শন করেছে।’

 

১৪ মে এভারটনের বিপক্ষে, ২১ মে চেলসির বিপক্ষে, ২৪ মে ব্রাইটনের বিপক্ষে ও ২৮ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে ম্যানসিটি। আর আর্সেনালের বাকি ম্যাচগুলো চেলসি (হোম), নিউক্যাসল (অ্যাওয়ে), ব্রাইটন (হোম), নটিংহ্যাম ফরেস্ট (অ্যাওয়ে) ও উলভারহ্যাম্পটনের (হোম) বিপক্ষে।