কোপা আমেরিকার জন্য শুক্রবার দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও নয়বারের লাতিনসেরা দল ব্রাজিল। কোপায় এবারের স্কোয়াডটি অনেকের কাছেই অচেনা লাগতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো ও টটেনহাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন কোপার স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসও নেই। আর চোট থেকে সেরে না ওঠায় সুপারস্টার নেইমারও স্কোয়াডে নেই।

শীর্ষ এ তারকাদের বাইরে রেখেই যুক্তরাষ্ট্রে জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকার ৪৮তম আসরের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। পোর্তোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন এ স্কোয়াডে একমাত্র নতুন মুখ। একঝাঁক তারকা বাদ পড়লেও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো ঠিকই মাঠ মাতাবেন ব্রাজিলের হয়ে। এ দুজন সম্প্রতি রিয়ালকে লা লিগা শিরোপা জিততে ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে সাহায্য করেন। 

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কৃতী মিডফিল্ডার ৩২ বছর বয়সী কাসেমিরোর বাদ পড়া নিয়ে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘তার প্রতি আমাদের সবার শ্রদ্ধা আছে। ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার ও দল নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি। বিষয়টি সে জানে।’ 

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। এ চোটের কারণে তিনি সৌদি লিগের ক্লাব আল হিলালেও দীর্ঘদিন ধরে খেলতে পারছেন না। এবার কোপায় খেলার আশাও শেষ তার।  নেইমারের কোপায় খেলতে না পারার বিষয়টি ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গত বছর ডিসেম্বরেই নিশ্চিত করেন। ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিভাল। জেসুস অবশ্য ফর্মের কারণে বাদ পড়েছেন। ডগলাস লুইজসহ প্রিমিয়ার লিগের মোট নয়জন আছেন দরিভালের দলে।  

ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে এ স্কোয়াডে তিনজনকে ডাকা হয়েছে—গোলকিপার বেন্তো, ফুলব্যাক গিলের্মে আরানা ও স্ট্রাইকার এনদ্রিক। ১৭ বছর বয়সী এনদ্রিক এরই মধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া নিশ্চিত করেছেন। বয়স ১৮ বছর পূর্ণ হলে এ বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেবেন। গত মার্চে তিনি ব্রাজিলের হয়ে আলো ছড়ান। ওয়েম্বলিতে তার গোলে ভর করেই ইংল্যান্ডকে ১-০-তে হারায় সেলেসাওরা। এরপর মাদ্রিদে স্পেনের সঙ্গে ব্রাজিলের ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচেও তিনি লক্ষ্যভেদ করেন। 

সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ৯ শিরোপার মধ্যে ২০১৯ সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের ১৬টি ভেন্যুতে চলবে লাতিন মহাদেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। দুই মহাদেশের মোট ১৬টি দল এতে অংশ নেবে। 

কোপায় ব্রাজিল স্কোয়াড

গোলকিপার: আলিসন, এদেরসন, বেন্তো। ডিফেন্ডার: বেরালদো, মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, দানিলো, ইয়ান কৌতো, গিলের্মে আরানাল, ওয়েন্দেল। মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেজ, ডগলাজ লুইজ, হোয়াও গোমেজ, লুকাস পাকেতা। ফরোয়ার্ড: এনদ্রিক, ইভানিলসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও ও ভিনিসিয়ুস জুনিয়র।