মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিন সকালের সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদু ও তাসকিন আহমেদের গোলায় প্যাভিলিয়নের পথ ধরেছে ভারতের টপ অর্ডারের ৪ ব্যাটার। ৩ উইকেটে ৮৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল অতিথিরা। লাঞ্চের পর বিরাট কোহলিকে ফেরান গতি বোলার তাসকিন আহমেদ।

প্রথম সেশনে সাজঘরের পথ ধরেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল, শুভমান গিল আর ব্যাটিংয়ে আস্থার নাম চেতেশ্বর পুজারা। এই তিনটি উইকেটই তুলে নেন বামহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল।

১৪তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে তাইজুলের বল ডিফেন্ড করতে গিয়ে লেগ বিফোর হয়ে যান রাহুল। ৪৫ বলে ১০ রান করেন ভারতের অধিনায়ক। নিজের পরে ওভারেও একইভাবে গিলকে সাজঘরের পথ দেখান তাইজুল। গিল চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন। 

এরপর ইনিংস মেরামত করছিলেন পুজারা ও বিরাট কোহলি। ৩১তম ওভারে তাইজুলের বলে ব্যাড-প্যাড ইনসাইড এজ হয়ে শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ দেন পুজারা (৭২/৩)।

এরপর কোহলির সঙ্গে যোগ দেন ঋষভ পন্ত। কোহলি ১৮ ও পন্ত ১২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান। ফেরার পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। তাসকিন আহমেদের গোলার মুখে আত্মসমর্পণ করেন ভারতের সাবেক অধিনায়ক। তাসকিনের লেংথ বলে আউটসাইড এজ হয়ে উইকেটকিপার নুরুল হাসানকে ক্যাচ দেন কোহলি (৯৪/৪)।

এর আগে প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ রানে অলআউট হওয়ার পর বিনা উইকেটে ১৯ রান তুলে নেয় ভারত। 

প্রথম টেস্টে ১৮৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।