নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির ১৬তম বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। এখানে জানানো হয়, ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের বেতন ১ লাখ থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।
গতকাল বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ জনের নাম জানানো হয়েছে। এ চুক্তি কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত।
‘এ’ গ্রেডে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার ও রিতু মনি। এরা প্রত্যেকে মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতন পাবেন। এর বাইরে ম্যাচ ফি, বোনাসের মতো বিষয়গুলো থাকছেই। ওয়ানডে জিতলে সর্বোচ্চ ১ লাখ ও টি-টোয়েন্টি জিতলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। সিরিজ জিতলেও বোনাস পাবেন তারা।
‘বি’ গ্রেডে আছেন ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন সুলতানা সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া খান। ‘সি’ গ্রেডে আছেন সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, জাহানারা আলম ও সোমা আক্তার এবং ‘ডি’ গ্রেডে আছেন দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানী। ‘বি’ গ্রেডের মাসিক বেতন ১ লাখ টাকা, ‘সি’ গ্রেডের ৭০ হাজার ও ‘ডি’ গ্রেডের ৬০ হাজার টাকা।
বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হারালেও এরপর সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় অতিথি দলের কাছে।
সম্প্রতি আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য ৭৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বিপিএল মিউজিক ফেস্ট ২০২৫ কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে মধুমতি ব্যাংকের নাম ঘোষণা করেছে বিসিবি।










