বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টাচার্চ টেস্টই সাদা পোশাকে রস টেলরের বিদায়ী ম্যাচ। আজ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় নিউজিল্যান্ডের এই ব্যাটারকে ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানায় বাংলাদেশের ক্রিকেটাররা। এমন সম্মানে অভিভূত হয়েছেন কিউই তারকা। অভিজ্ঞ এই ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- বাংলাদেশের এই সম্মান তিনি ভুলবেন না। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৯ বলে ২৮ রান করেন তিনি। চারটি চারের বাউন্ডারি ছিল ইনিংসে। এটি হতে পারে টেস্ট ক্যারিয়ারে তার শেষ ইনিংসও।
এদিন টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশ থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে ‘গার্ড অব অনার’ দেন। যার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন টেলর। সেখানেই লিখেছেন, ধন্যবাদ বাংলাদেশ। আজ ক্রিজে যাওয়ার সময় সত্যিকার অর্থে সম্মানজনক মুহূর্ত উপহার দেয়ার জন্য। এটা এমন কিছু, যা কখনোই ভুলবো না।
টেলর মাঠে নামার সঙ্গে সঙ্গে হ্যাগলি ওভালে চারদিক থেকে শুরু হয় করতালি। একে একে সব দর্শক দাঁড়িয়েও যান তখন। মাঠে প্রবেশের সময় দুই সারিতে মুমিনুল-তাসকিনরা দাঁড়িয়ে পড়েন ক্রিজের পাশে ও হাততালি দিয়ে টেলরকে স্বাগত জানান। ওই মুহূর্তে কিউই ব্যাটারের সঙ্গে হ্যান্ডশেকও করেন বাংলাদেশ অধিনায়ক। আউট হয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময়ও একই চিত্র দেখা যায়।
ম্যাচের যে অবস্থা, তাতে টেলরের আরেকবার ব্যাটিং করতে নাও হতে পারে। ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। জবাবে ১২৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। তাতে স্বাগতিকরা লিড পেয়েছে ৩৯৫ রানের।










