এনসিএল টি-টোয়েন্টি লিগে আজ ঝড়োগতির ফিফটি করেছেন তামিম ইকবাল। ৩৩ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৫ রান করে চট্টগ্রামকে ১৪৫ রানের পুঁজি এনে দেন তিনি। জবাব দিতে নেমে তৌফিক খান তুষারের মারমুখী ফিফটির (৩৬ বলে ৭৬) পরও জিততে পারেনি সিলেট। দলটি ১৩৩ রানে অলআউট হয়ে যায়। হাসান মুরাদ ও সাইফ হাসান তিনটি করে ও আহমেদ শরিফ দুটি উইকট নেন।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতল চট্টগ্রাম। বুধবার উদ্বোধনী দিন তারা ৫ উইকেটে হেরেছে রংপুরের কাছে।

আজ আরেক ম্যাচে ৯ উইকেটে ১৩০ রানের সাদামাটা স্কোর নিয়েও জিতেছে খুলনা। নুরুল হাসান সোহান ৩৫ বলে ৩৯ রান করেন। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১২৯ রান তুলতে সমর্থ হয়। ৫৩ বলে ৫১ রান করেন আব্দুল মজিদ। মঈন খান ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। শেষ ৩ বলে ৩ রানের প্রয়োজন ছিল বরিশালের। যদিও এ সময় তারা ৩ উইকেট হারিয়ে হেরে বসে ১ রানে!

এছাড়া, আজ জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো ও রংপুর। সিলেট ইন্টারনাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো ৫ রানে হারায় রাজশাহীকে। আগে ব্যাটিং করে ১০ উইকেটে ১৬২ রান তোলে ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ১৫৪ রানে অলআউট রাজশাহী।

সিলেট একাডেমি মাঠে ঢাকাকে ডিএলএস মেথডে ২১ রানে হারায় রংপুর। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে রংপুর। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১১২ রান তুলতে সমর্থ হয় ঢাকা।