প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ধীরে ধীরে ফর্ম খুঁজে পাচ্ছেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটির হয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে জোড়া গোলের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর ফলে তিনি ফিফার অফিশিয়াল গোল সংখ্যায় ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির অফিশিয়াল গোল সংখ্যা ৭৫৭টি। আর মেসির গোল সংখ্যা এখন ৭৫৮টি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে ৬৭২, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮০ এবং নতুন ঠিকানা পিএসজির হয়ে ৬ গোল করে পেলের ৭৫৭ গোলের রেকর্ড ভাঙলেন ফুটবল জাদুকর।
মেসির সামনে রয়েছেন শুধুমাত্র ৮০১ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনেরই খেলার ধার কমেনি একটুও। পর্তুগিজ সুপারস্টারের ক্যারিয়ার যতদিনে শেষ হবে, ততদিনে হয়তো তার নামের পাশে আরো অনেক গোলযুক্ত হবে। শেষ পর্যন্ত তাকে মেসি ছাড়িয়ে যেতে পারবেন কিনা অথবা দুজনের গোল ব্যবধান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলে দেবে।
রোনালদোর আরেকটি রেকর্ড অবশ্য ছুঁয়ে ফেলেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৮টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড ছিল রোনালদোর। মঙ্গলবার ক্লাব ব্রুগের বিপক্ষে মেসিও ৩৮তম প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েছেন। এই রেকর্ড বাড়িয়ে নেয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে নতুন প্রতিপক্ষের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে পিএসজি। গতকাল রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগকে ৪-১ গোলে হারায় প্যারিসিয়ানরা। জোড়া গোল করেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে। চলতি চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলসংখ্যা হলো ৫টি।










