মার্চে সিলেটে বৃষ্টির বাগড়ায় আয়ারল্যান্ডকে
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। ওই সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছিল
স্বাগতিকরা। এবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজেও প্রথম ম্যাচটি বৃষ্টি
ধুয়ে নিয়েছে। শুক্রবার দ্বিতীয় ম্যাচটি নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪৫ ওভারে ৩২০
রান তাড়া করে তিন উইকেটে জিতেছে সফরকারীরা। আজ প্রতিপক্ষকে হারিয়ে সিরিজটা ২-০
করার মিশনে নামছেন তামিম ইকবালরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫
মিনিটে।
আজ
তৃতীয় ওয়ানডেতে টেস্ট ও টি২০ দলনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না
বাংলাদেশ। আঙুলের চোটে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের বিষয়টি জানায়।
জাতীয় দলের ফিজিও
বায়েজিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেয়ার সময় সাকিব
তার ডান তর্জনীতে চোট পান। এক্স-রেতে তার তর্জনীর গোড়ায় চিড় ধরা পড়েছে। এই ধরনের
চোট সারতে সাধারণত প্রায় ছয় সপ্তাহ সময় লাগে।’
সাকিবের অনুপস্থিতে আজ দলে
কে জায়গা পাবেন, সেটি এখনো নিশ্চিত করেনি ম্যানেজমেন্ট। ইয়াসির আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী
কিংবা রনি তালুকদারের মধ্যে একজন একাদশে ঢুকতে পারেন।










