গত ২০ বছরে সমর্থকরা যা দেখেনি, এবার সেটাই দেখালো এফসি বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। নকআউট পর্বে জায়গা করে নিতে বুধবার দিবাগত রাতে বায়ার্নের বিপক্ষে জিততে হতো বার্সেলোনাকে। কিন্তু সেটা তারা করতে পারেনি। দর্শকবিহীন বায়ার্নের মাঠে তারা হেরেছে ৩-০ গোলে। অন্যদিকে বেনফিকা তাদের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়ে ডায়নামো কিয়েভকে। তাতে বার্সেলোনাকে পেছনে ফেলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগালের ক্লাবটি। ইউরোপা লিগে অবনমন হয়েছে কাতালানদের। ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হতে পারলে সম্ভাবনা থাকবে তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার। কারণ লা লিগায়ও তাদের নাজুক অবস্থা।

ছয় ম্যাচের সবক’টিতে জিতে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। আর ৮ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্সআপ হয়েছে বেনফিকা। ৭ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিয়েছে বার্সেলোনা। সবশেষ ২০০০-২০০১ মৌসুমে তারা শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছিল। এরপর টানা ২০ বছর তারা প্রত্যেক মৌসুমেই গ্রুপপর্বের বাঁধা পেরিয়েছিল। এবার আর হলো না তাদের।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় বায়ার্ন। ৩৪ মিনিটে টমাস মুলার ও ৪৩ মিনিটে লেরয় সানে এগিয়ে নেন বাভারিয়ানদের। বিরতির পর ৬৩ মিনিটে বায়ার্নের জামাল মুসিয়ালা গোল করে ব্যবধান করেন ৩-০। এই ব্যবধান বাকি সময়ে আর ঘোচাতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। পুরো ম্যাচে গোলমুখে তারা শট রাখতে পেরেছে মাত্র দুটি। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় তারা। সবশেষ ছয় দেখায় বার্সার জালে ২১ গোল দিয়েছে বায়ার্ন!

রাতের অন্য ম্যাচগুলোয় ‘এইচ’ প্রুপে চেলসিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে রাশিয়ান ক্লাব এফসি জেনিত। স্কানিয়ার ক্লাব মালমোকে ১-০ তে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। ওলফসবার্গকে ৩-১ গোলে হারায় লিলে। ‘জি’ গ্রুপে আরবি লাইপজিগের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে সেভিয়ার। সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ১৩ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।