গত মঙ্গলবার জার্মান বুন্দেসলিগায় ভেরডার
ব্রেমেনের বিপক্ষে ম্যাচে চোট পান বায়ার্ন মিউনিখের সেনেগালিজ ফরওয়ার্ড সাদিও
মানে। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে চোট পাওয়ায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয় সেনেগালের।
যদিও এই কৃতী স্ট্রাইকারকে নিয়েই আজ কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে
সেনেগাল।
ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন ৬-১ গোলের জয়
পেলেও দুঃসংবাদের কারণ হন সাদিও মানে। তিনি ডান ফিবুলায় চোট পান। এ কারণে আগামীকাল
শালকের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না বাভারিয়ানরা। জার্মান চ্যাম্পিয়নরা অবশ্য
নিশ্চিত করেনি, সাদিও মানে
বিশ্বকাপে খেলতে পারবেন কিনা।
কাতার বিশ্বকাপে সেনেগাল খেলবে ‘এ’ গ্রুপে, ২১ নভেম্বর
নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
মানের চোটের ব্যাপারে সেনেগাল কোচ আলিউ সিসে
আজ ডাকারে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা
পরিস্থিতির ওপর নজর রাখছি এবং তার চোটের অবস্থা মূল্যায়নের জন্য আমাদের একজন
চিকিত্সককেও সেখানে (জার্মানি) পাঠিয়েছি। বৃহস্পতিবার (গতকাল) পুরোদিন
মিউনিখে কাটিয়ে আরো পরীক্ষা নিরীক্ষার জন্য অস্ট্রিয়া গিয়েছেন মানে। ভালো সংবাদ
হলো, তার অস্ত্রোপচার লাগবে
না। তার দুই-তিন সপ্তাহ
সময় লেগে যেতে পারে। আমরা তাকে পুরোপুরি বাতিলের খাতায় ফেলছি না।
কোচের কথায় এটা স্পষ্ট, গ্রুপ পর্বের প্রথম দু-একটি ম্যাচ হয়তো খেলতে পারবেন না মানে। তবে
দলটি যদি নকআউট পর্বে উঠতে পারে তখন শীর্ষ এ স্ট্রাইকারকে কাজে লাগাতে পারবেন
সিসে।
২১ নভেম্বর ডাচদের বিপক্ষে ম্যাচ, ২৫ নভেম্বর স্বাগতিক কাতার ও ২৯ নভেম্বর
একুয়েডরের মুকোমুখি হবে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
পশ্চিম আফ্রিকার দেশটি ফিফা র্যাংকিংয়ে বর্তমানে ১৮
নম্বরে অবস্থান করছে এবং ২০১৮ সালের নভেম্বর থেকে তারাই আফ্রিকার শীর্ষ র্যাংকধারী
দল।










