জিম্বাবুয়ের বিপক্ষে আগামী
মাসের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো যথাক্রমে ৩,
৫, ৭, ১০ ও ১২ মে। ওই সিরিজ সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্বাগতিক দলকে
নিয়ে হবে তিনদিনের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্পে ডাক পেয়েছেন ১৭ ক্রিকেটার। আজ মঙ্গলবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
(আইপিএল) খেলছেন বলে এই ক্যাম্পে নেই পেস বোলার মুস্তাফিজুর রহমান। তিনি ১ মে চেন্নাই
সুপার কিংসের হয়ে ম্যাচ খেলে দেশে ফিরবেন। অলরাউন্ডার সাকিব আল হাসানও ক্যাম্পে থাকছেন
না।
ফিটনেস ক্যাম্প হবে চট্টগ্রামে।
সিরিজের প্রথম তিনটি ম্যাচও বন্দরনগরীতে। শেষ দুই ম্যাচ ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ
খেলে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল। ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরের আগে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে প্রস্তুতি সিরিজ
খেলবে শান্তর দল।
ক্যাম্পে থাকছেন যারা:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ
রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম,
তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফ
উদ্দিন, সৌম্য সরকার।










