লা লিগায় পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। যদিও রোববার রাতে জিরোনাকে ৪-১ গোলে হারিয়ে রিয়ালকে আবারো তিন পয়েন্টে পেছনে ফেলল কাতালানরা। এই জয়ের পর ২৯ ম্যাচে বার্সার ঝুলিতে জমা পড়ল ৬৬ পয়েন্ট, সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। এরপরে অ্যাটলেটিকো মাদ্রিদ (৫৭) ও অ্যাথলেটিক বিলবাও (৫৩)।
জোড়া গোল করেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। ফেরান তোরেস করেন এক গোল। একটি গোল প্রতিপক্ষের কাছ থেকে ‘আত্মঘাতী’ হিসেবে পায় কাতালানরা। লাদিস্লাভ ক্রেসি আত্মঘাতী গোলটি করেন। তার দেয়া উপহারের গোলেই প্রথমার্ধে লিড নেয় বার্সেলোনা। ৫৩ মিনিটে আরনাউত দানজুমার গোল জিরোনাকে সমতায় ফেরায়। এরপর লেভানডভস্কি আর তোরেস লণ্ডভণ্ড করেন জিরোনাকে।
চলতি মৌসুমে ৪৫ ম্যাচের মধ্যে ২০টিতেই চার কিংবা তার বেশি গোল করেছে বার্সেলোনা। এ নিয়ে লেভা বলেন, ‘যখন আপনারা চার গোল করবেন তখন সেটি দারুণ এক ম্যাচ বলাই যায়। আমরা প্রচুর গোল করছি। এটা গুরুত্বপূর্ণ যে যখন আমরা শুরুতে গোল পাই না তখন ধৈর্য্য ধারণ করি এবং নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করি না।’
সর্বশেষ ৯টি লিগ ম্যাচে ৯ গোল করলেন লেভানডভস্কি। লা লিগায় চলতি মৌসুমে তিনি করেছেন ২৫ গোল। রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের চেয়ে তিন গোল এগিয়ে তিনি। রোববার জয় শেষে লেভা বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে সাহায্য করা। আমি জানি, যদি দুই গোল করতে পারি তবে দলের উপহার করে। একজন স্ট্রাইকার হিসেবে এই আত্মবিশ্বাসটা থাকতে হবে যেন বল কাছে এলে সেটিকে কাজে লাগাতে পারি।’
সব ধরণের প্রতিযোগিতায় এটা বার্সার টানা ষষ্ঠ জয় এবং সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ১১তম জয়। এ বছর ২০ ম্যাচ খেলে একটিও হারেনি হ্যান্সি ফ্লিকের দল। কোচ ফ্লিক এ নিয়ে বলেন, ‘আমরা এখন দারুণ ফর্মে আছি এবং যখন আমাদের কাছে বল আসছে তখন প্রচুর সুযোগ আমরা তৈরি করতে পারছি। আমার দলের সৌন্দর্য্য হলো, আমরা সব সময় গোল পেতে চাই এবং দলের সবাই গোল করতে চায়।’
লেভাকে ‘স্পেশাল’ খেলোয়াড় আখ্যা দিয়ে কোচ ফ্লিক বলেন, ‘লেভানডভস্কি সত্যিই গুরুত্বপূর্ণ। আমি মূলত নির্দিষ্ট কাউকে আলাদা চোখে দেখি না, তবে সে বক্সের মধ্যে অনন্য।’
বুধবার কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামছে বার্সেলোনা। অ্যাটলেটিকোর মাঠে প্রথম লেগে ৪-৪ গোলে ড্র করে কাতালানরা।










