জোড়া
গোল করে ইন্টার মিয়ামিকে জেতালেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময়
আজ রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়েছে মিয়ামি। মেসি জোড়া
গোল করার পাশাপাশি করিয়েছেন আরেক গোল। সব মিলে মেজর লিগে তিনি করেছেন সাত গোল।
মেজর
লিগ সকারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচে জোড়া গোল করলেন মেসি। এর আগে ২ মার্চ অরল্যান্ডোর
বিপক্ষে করেন জোড়া গোল। এছাড়া সর্বশেষ ছয়টি লিগ ম্যাচে তিনি অন্তত একটি গোল কিংবা অ্যাসিস্ট
করেছেন।
আজ
বার্সেলোনায় সাবেক সতীর্থ সার্জিও বুসকেটসকে দিয়ে গোল করিয়েছেন মেসি। গত গ্রীষ্মে ইন্টারে
যোগ দেয়ার পর এটাই বুসকেটসের প্রথম গোল।
মেসির
আগমনের পর থেকে ন্যাশভিলের বিপক্ষে পাঁচ ম্যাচে অপরাজিত থাকল ইন্টার মিয়ামি। এছাড়া
লিগের ইস্টার্ন কনফারেন্সে এখন পয়েন্ট টেবিলেরও শীর্ষে তারা।
এ
নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো ম্যাচের শুরুতে গোল হজম করল মিয়ামি। দলটির ডিফেন্ডার
ফ্রাঙ্কো নেরি আজ আত্মঘাতী গোল করেন। ম্যাচের দ্বিতীয় মিনিটে ন্যাশভিলের ড্যানিয়েল
লোভিৎজের করা কর্নারের বলে হেড নিয়ে নিজেদেরই জালে পাঠান নেরি। ১১ মিনিটে মেসি সমতা
আনেন। ১২ গজ দূর থেকে তার নেয়া শট ন্যাশভিল গোলকিপার এলিয়ট পানিক্কোর গায়ে লেগে চলে
যায় ফাঁকা দাঁড়িয়ে থাকা লুইস সুয়ারেজের কাছে। উরুগুইয়ান তারকা মেসিকে পাস দিলে তিনি
লক্ষ্যভেদ করেন। এরপর ৩৯ মিনিটে মেসি-বুসকেটস যুগলবন্দিতে দ্বিতীয় গোল পেয়ে যায় মিয়ামি।
এরপর মেসির কর্নার কিকে হেড নিয়ে গোল করে বুসকেটস।
৫৫
মিনিটে হানি মুক্তারের বুলেট গতির এক শট বিপজ্জনকভাবে মিয়ামির জালে প্রবেশ করতে যাচ্ছিল,
যদিও দলটির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার ঝাপিয়ে পড়ে মিয়ামিকে গোল হজম করা থেকে বাঁচান।
তাতে লিডও ধরে রাখে তারা।
৮১
মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ন্যাশভিলের
জশ বাউয়ের মিয়ামির লিও আলফনসোকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। রিজার্ভ গোলকিপার জো
উইলিসকে সহজেই পরাস্ত করেন মেসি।
হ্যামস্ট্রিং
চোটের কারণে এই ম্যাচে খেলেন মেসির আরেক বার্সা সতীর্থ জর্ডি আলবা।
শনিবার
নিউ ইংল্যান্ডের মাঠে খেলবে মিয়ামি, সেদিন ন্যাশভিল ঘরের মাঠে খেলবে সান হোসের বিপক্ষে।










