চোটগ্রস্ত পেস বোলার জশপ্রীত বুমরাহকে নিয়েই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। সেই সঙ্গে ১৫ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব। চ্যাম্পিয়নস ট্রফি আসর শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে একই স্কোয়াড ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। পুরোপুরি চোটমুক্ত হতেই ওই সিরিজে খেলবেন না বুমরাহ। তার জায়গায় ইংল্যান্ড সিরিজে খেলবেন হরষিত রানা।

২০২৪ সালের ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহাম্মদ শামি ফিরেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে। তিনি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও আছেন। মোহাম্মদ সিরাজের জায়গা নিয়েছেন সদ্যই বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ উইকেট নেয়া অর্শদীপ সিং।

দল ঘোষণার আগে আলোচনা ছিল বুমরাহ ও কুলদীপকে নিয়ে। নভেম্বরে হার্নিয়ার অপারেশন করিয়েছেন কুলদীপ, আর বুমরাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে চোটে পড়েন। তিনি মূলত অতিমাত্রায় কাজের চাপে চোটে পড়েছেন। সংশয় থাকলেও এ দুজনকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে ভারত।

১৫ সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, তার ডেপুটি করা হয়েছে ব্যাটার শুবমন গিলকে। প্রথমবারের মতো ভারতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার জশস্বী জয়সোয়াল। যদিও তার রিজার্ভ ওপেনার হিসেবে থাকার সম্ভাবনাই বেশি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের দলটিই যেন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। মিডল অর্ডারে বিরাট কোহলির সঙ্গে থাকবেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। উইকেটকিপার হিসেবে আছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্ত।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি আসর। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। এমনকি ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচও হবে দুবাইতে। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল।