আইসিসি নারী টি২০ বিশ্বকাপে হার দিয়ে সূচনা করল বাংলাদেশ। গতকাল রোববার রাতে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে নারীরা। ১২৬ রানের পুঁজি নিয়ে আটকানো যায় নি সিংহলিজদের। হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে তাদের। 

গোটা ইনিংসে বাংলাদেশ বাউন্ডারি মেরেছে ১০টি, যার সবগুলো পাওয়ার প্লেতে। এরপর আর বাউন্ডারি আসেনি। এ নিয়ে নিগার বলেন, 'পাওয়ার প্লে আমাদের ভালোই কেটেছে, যদিও এরপর আর বাউন্ডারি আসেনি, ফলে ২০-২৫ রানের ঘাটতি থেকে যায়। কীভাবে বাউন্ডারি মারা যায় তা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পাব।'

হারশিথা সামারাবিক্রমা ৫০ বলে ৬৯ ও নীলাক্ষী সিলভা ৩৮ বলে ৪১ রানের হার না মানা ইনিংসে শ্রীলংকার জয় নিশ্চিত করেন। হারশিথা ৪১ রানে ও সিলভা ৫ রানে জীবন পান। তারাই বিপদমুক্ত করেন লংকাদের। যুব বিশ্বকাপে আলো ছড়ানো পেস বোলার মারুফা আক্তার ছাড়া বাংলাদেশের বোলিং ছিল নখদন্তহীন। তিনি ৩ উইকেট শিকার করেন। পুরো ইনিংসে মিস ফিল্ডিং ডুবিয়েছে বাংলাদেশকে।

'এ' গ্রুপে নিজেদের পরের ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।