অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ রোববার দুবাইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিমের দল। আফগানিস্তানের পর এবার নেপালকে হারানোয় শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছে লাল-সবুজ যুবাদের।
বাংলাদেশের জয়ের পরপর ‘বি’ গ্রুপের আরকে ম্যাচে আফগানিস্তানকে ১৩১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা। এই ম্যাচের ফল বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলকেই তুলে নেয় সেমিফাইনালে। দুই দলেরই সমান ৪ পয়েন্ট। মঙ্গলবার তাদের মুখোমুখি লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে।
আজ আগে ব্যাটিং করতে নামা নেপালকে ১৪১ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। আকাশ ত্রিপাঠি সর্বোচ্চ ৪৩ রান করেন। বাংলাদেশের আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে লেগস্পিনার যুবরাজ খাত্রির প্রতিরোধের মুখে পড়লেও জাওয়াদ আবরার (৫৯) ও আজিজুল হাকিমের (৫২*) ফিফটিতে ভর করে ৫ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এমনকি বাংলাদেশের জয় এসেছে মাত্র ২৮.৪ ওভারে।
‘এ’ গ্রুপে লড়ছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। শনিবার ভারতকে ৪৩ রানে হারায় পাকিস্তান, আরব আমিরাত ২৭৩ রানের বিশাল ব্যবধানে হারায় জাপানকে। সোমবার ভারত খেলবে জাপানের বিপক্ষে, পাকিস্তানের সামনে আরব আমিরাত।










