বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে ৫ জাতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি আগামীকাল ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে ষষ্ঠ দল হিসেবে অংশগ্রহণের কথা ছিল মালয়েশিয়ার। যদিও দলের কয়েকজন খেলোয়াড় কভিড-১৯ পজিটিভ হওয়ায় একেবারে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় দেশটি।
কাল আসরের প্রথম দিন মাঠে নামছে চারটি দল। বেলা সাড়ে তিনটায় দক্ষিণ কোরিয়া খেলবে ভারতের বিপক্ষে, সন্ধ্যা ৬টায় জাপানের বিপক্ষে লড়বে পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশ প্রথম মাঠে নামবে বুধবার, আশরাফুল ইসলামের দল সেদিন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে।
আজ পাঁচ দলের অধিনায়কদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন কর্মকর্তারা। এদিন সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়করা। বাংলাদেশ অধিনায়ক আশরাফুল বলেন, অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যর সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভারত অলিম্পিকের পদকজয়ী। অন্য দলগুলোও শক্তির বিচারে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা কোচের নির্দেশনামাফিক খেলতে পারলে দল ভালো নৈপুণ্য দেখাব বলে বিশ্বাস করি।
তিনি আরো বলেন, প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরণ, কৌশল আমরা দেখছি। কোচ ও কোচিং স্টাফরা প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরণ ও কৌশল বিশ্লেষণ করছেন। ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা খেলতে চাই। প্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এ ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালিয়েছেন কোচ। আমাদের ভালো খেলার পথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। গত দুই বছর আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। পাকিস্তানও অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলছে না। সকলের বিপক্ষেই আমরা ভালো খেলতে চাই। পাকিস্তানের বিপক্ষে ভালো করার দিকে ফোকাস বেশি থাকবে আমাদের।
পাকিস্তান অধিনায়ক উমর ভুট্টো বলেন, আমি খুব খুশি যে এশিয়ান হকি ফেডারেশন এই টুর্নামেন্টর আয়োজন করেছে; আমি তাতে অংশ নিচ্ছি। বাংলাদেশ এর আয়োজক। আয়োজকদের ধন্যবাদ। দুই বছর পর আমরা আন্তর্জাতিক হকিতে অংশ নিচ্ছি। করোনার কারণে এতদিন মাঠের বাইরে ছিলাম। আমরা চেষ্টা করব টুর্নামেন্টে ভালো খেলার।
ভারতীয় দলনায়ক মানপ্রিত সিং বলেন, প্রথমে আমি এশিয়ান হকি ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ হকি ফেডারেশন এটার আয়োজক। তাদেরও ধন্যবাদ। টুর্নামেন্টে ৫ দল অংশ নিচ্ছে। সবার জন্য শুভ কামনা। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।
জাপান অধিনায়ক সেং তানাকা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। সবাইকে ধন্যবাদ।
কোরিয়ার অধিনায়ক লি-সিউং ইল বলেন, বাংলাদেশ হকি ফেডারেশন এবং এশিয়ান হকি ফেডারেশনকে ধন্যবাদ। এমন একটা আয়োজনের জন্য।










