শনিবার ঢাকা ক্যাপিটালকে হারিয়ে খুলনা টাইগার্স বিপিএলের প্লে-অফে উঠে যাওয়ার সাথে সাথে বিদায় ঘটেছে দুর্বার রাজশাহীর। রাজশাহী বিদায় নিলেও বিতর্ক যে তাদের পিছু ছাড়ছেই না। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি খেলোয়াড়রা পারিশ্রমিকের টাকা না পেয়ে নিজ নিজ দেশে যেতে পারছেন না, আটকে আছেন ঢাকার হোটেল রুমে।

আজ রোববার ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

পাকিস্তানের মোহাম্মাদ হারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিনস এবং জিমম্বাবুয়ের রায়ান বার্ল খেলেছেন রাজশাহীর হয়ে। তারা সবাই পারিশ্রমিকের কিছু অংশের জন্য অপেক্ষা করছেন। তাদের কাউকে ২৫ শতাংশ অর্থ দেয়া হয়েছে, কাউকে আবার কোনো টাকাই দেয়া হয়নি। এমনকি গত ১১ দিন ধরে তারা দৈনিক ভাতাও পাচ্ছেন না।

বিপিএলের নিয়ম অনুসারে, টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ, টুর্নামেন্ট চলাকালে ২৫ শতাংশ ও টুর্নামেন্ট শেষে বাকি ২৫ শতাংশ টাকা দেয়ার কথা। যদিও এর কোনোটিই ঠিকমতো করেননি দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমান।

চট্টগ্রাম পর্ব শুরুর আগে রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা অনুশীলন বয়কট করলে তাদের কিছু অর্থ পরিশোধ করা হয়। চট্টগ্রামে হোটেলের বিল বাকি পড়লে রাজশাহীর মালিকের গাড়ি আটকানোর মতো ঘটনাও ঘটে। ঢাকায় ফেরার পর বিদেশি ক্রিকেটাররা টাকা না পেয়ে ম্যাচ বয়কট করেন। এরপরও বিষয়টি সমাধানে বড় কোনো উদ্যোগ নেয়নি বিসিবি। ওই সময় স্থানীয় ক্রিকেটারদের চেক দেয়া হলেও তা বাউন্স করায় আরেক কেলেঙ্কারিতে জড়ায় রাজশাহীর মালিকপক্ষ।

বিসিবির সদস্য সচিব ও বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, দুর্বার রাজশাহীকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেয়ার ক্ষেত্রে তাদের সঠিকভাবে পর্যবেক্ষণে ব্যর্থ হয়েছেন তারা। ফাহিমের কথায়, ‘আমি মনে করি তাদের অভিজ্ঞতা কিংবা আর্থিক সক্ষমতার বিষয়টি আমরা ঠিকমতো বুঝতে পারিনি। এ কারণেই এখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়েছি।’

শনিবার শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমি রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি, তিনি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে পরিষ্কার করে বলেছি, তিনি এটি করতে ব্যর্থ হলে আমরা আইনি পদক্ষেপ নেব। আর কোনো আলোচনা হয়নি। আমাদের তদন্ত কমিটি দেখছে যে এই দলটা কীভাবে এলো।’

এদিকে, আজ বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্বার রাজশাহী জানিয়েছে, বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা আজ রাত থেকে ঢাকা ছাড়ছেন। রায়ান বার্ল দিবাগত রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারে, মোহাম্মাদ হারিস আগামীকাল বেলা ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজে লাহোরের উদ্দেশে রওনা হবে। কোচ ইজাজ আহমেদও যাবেন কাল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিনস রওনা হবেন ৫ ফেব্রুয়ারি। বাকিরা টিকিট পাওয়া সাপেক্ষে নিজ নিজ দেশে রওনা হবেন।