ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) থেকে এবার অবনমন হয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। আর এ মৌসুমে খেলেনি প্রাইম দোলেশ্বর। এ দুটি খালি জায়গায় ডিপিএলের পরের মৌসুমে উন্নীত হলো ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও রানার্সআপ র্যাপিড ফাউন্ডেশন।
ডিপিএলের চলতি মৌসুমের সুপার লিগে জায়গা করতে পারেনি খেলাঘর, ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাব। রাউন্ড রবিন পর্বের ১০ ম্যাচ শেষে ডিপিএলের আগামী আসরে জায়গা করে নিতে তিন দলকে খেলতে হয় রেলিগেশন লিগ। খেলাঘর তাদের রাউন্ড রবিন ও রেলিগেশন লিগ মিলিয়ে ১২ ম্যাচে দুই জয় ও ১০ হারে চার পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে অবস্থান করছে (১১তম)। তাদের বিদায় এরই মধ্যে নিশ্চিত হয়েছে।
রেলিগেশন পর্বে এক ম্যাচ কম খেলে ১১ ম্যাচে ব্রাদার্স আট ও সিটি ক্লাব ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ৯ ও ১০ নম্বরে আছে। এক ম্যাচ হাতে রেখেই ডিপিএলের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে দল দুটি।
২৫ পয়েন্ট নিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে অগ্রণী ব্যাংক। ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ র্যাপিড ফাউন্ডেশন। অগ্রণী ব্যাংক অতীতে প্রিমিয়ার লিগ খেললেও র্যাপিডের এবারই প্রথম।










