ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার নিজেদের মাঠে ফুলহ্যামের সঙ্গে হারতে বসেছিল লিভারপুল। দু দুবার পিছিয়ে পড়েছিল আর্নে স্লটের দল। যদিও শেষ পর্যন্ত হারের লজ্জায় ডুবতে হয়নি অল রেডদের। তারা ২-২ গোলে ড্র করতে সমর্থ হয়।
আন্দ্রেয়াস পেরেইরা ১১ মিনিটে এগিয়ে দেন ফুলহ্যামকে। ১৭ মিনিটে অ্যান্ডি রবার্টসন লালকার্ড দেখলে সংকট বাড়ে লিভারপুলের। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই কডি গাকপো লিভারপুলকে সমতায় ফেরান। ৭৬ মিনিটে রদ্রিগো মুনিজ লিভারপুলের জালে বল পাঠালে আবারো অ্যানফিল্ডে শ্মশানের নীরবতা ফেরে। এবার ত্রাতা হয়ে এলেন দিয়েগো জোটা। ৮৬ মিনিটে দারুণ এক গোলে লিভারপুলকে সমতায় ফেরান তিনি।
এই ড্রয়ের পর ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চেলসি দুইয়ে ও আর্সেনাল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। আজ রাতে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে গানাররা। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নেয় চারে অবস্থান করছে। রোববার নিজেদের মাঠে ম্যানইউর মুখোমুখি হবে সিটিজেনরা।










