বুলাওয়েতে আজ বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৯৯ রানে হারিয়ে হারিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাটিং নেয়া সফরকারীরা ৬ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে। ৩০৪ রানের টার্গেটে জিম্বাবুয়ে ২০৪ রানে অলআউট।
প্রথম ওয়ানডে ম্যাচটি ডিএলএস মেথডে জিতে নেয় জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান। সিরিজে আসে সমতা। আজ তৃতীয় ম্যাচে আরো অপ্রতিরোধ্য পাকিস্তান। কামরান গুলামের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে সফরকারী দলটি তিনশোর্ধ্ব সংগ্রহ গড়ে। কামরান ৯৯ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০৩ রান করেন।
আগের ম্যাচে ৬২ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংস খেলা সাইম আইয়ুব আজ ৩১ রান করে ফিরেছেন সাজঘরে। তিনি ওপেনিং জুটিতে আব্দুল্লাহ শফিককে নিয়ে ৫৮ রান তুলেছেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। কামরানকে নিয়ে ৫৪ ও রিজওয়ানকে নিয়ে ৮৯ রানের দুটি কার্যকর জুটি গড়েন কামরান।
এছাড়া আব্দুল্লাহ শফিক ৫০, মোহাম্মদ রিজওয়ান ৩৭, সাইম আইয়ুব ৩১ ও সালমান আগা ৩০ রান করেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট নেন।
এরপর সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামালের স্পিন ও পেসের সম্মিলিত আক্রমণে কোনঠাসা জিম্বাবুয়ে ৪০.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০৪ রান তুলতে সমর্থ হয়। কামরান গুলাম ম্যাচসেরা ও সাইম আইয়ুব সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন।
এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে দুই দল। রোববার বুলাওয়েতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।










