ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার শিরোপার লড়াই
জমিয়ে দিল ওয়েস্ট হ্যাম। হ্যামাররা আজ রোববার নিজেদেরই মাঠে আর্সেনালকে ২-২ গোলে
রুখে দেয়। এতে ভীষণ লাভবান হলো ম্যানচেস্টার সিটি। এখন দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান
কমে হলো চার। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, এক ম্যাচ কম খেলে ৭০
পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।
দুই গোলের লিড নিয়েও জিততে পারেনি আর্সেনাল, যারা একটি পেনাল্টিও মিস করে। ম্যাচের
সপ্তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুস ও দশম মিনিটে মার্টিন ওডেগার্ড গোল করলে
আর্সেনালের জয়ের সম্ভাবনা তৈরি হয়। যদিও এরপর দারুণভাবে খেলায় ফিরে আসে হ্যামাররা।
৩৩ মিনিটে সাইদ বেনরাহমা ও ৫৪ মিনিটে জ্যারোড বাউয়েন গোল করলে ম্যাচে সমতা আনে
ওয়েস্ট হ্যাম। অথচ বাউয়েন গোল করার দুই মিনিট আগেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ
হন আর্সেনালের বুকায়ো সাকা।
এদিকে, শনিবার লেস্টার সিটিকে ৩-১ গোলে
হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমায় ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে নরওয়েজিয়ান
ফরওয়ার্ড আর্লিং হালান্ড করেন জোড়া গোল, আর জন স্টোনস করেন একটি। আজ গানাররা ওয়েস্ট হামের সঙ্গে ড্র করায় লাভ হলো
সিটির।
দুরন্ত ফর্মে রয়েছে ম্যানসিটি। টানা ১০ ম্যাচ
জিতেছে পেপ গার্দিওলার দল, এই ম্যাচগুলোতে তারা করেছে ৩৭ গোল। লিগে শিরোপার রেসে
তো রয়েছেই, পাশিাপাশি চ্যাম্পিয়ন্স লিগেরও সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা ৩-০ গোলে বিধ্বস্ত করে বায়ার্নকে। বুধবার
বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগ। এরপর শনিবার তারা এফএ কাপের সেমিফাইনাল খেলবে শেফিল্ড
ইউনাইটেডের বিপক্ষে।










