এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল না পেলেও সম্প্রতি বিদেশী খেলোয়াড়রা চলে যাওয়ায় হঠাৎই ডাক পড়ে বাংলাদেশী তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। ২৯ বছর বয়সী এ পেসারকে দলভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। তবে সংকট তৈরি হয় বিসিবির কাছ থেকে তার এনওসি পাওয়া নিয়ে। তিনি এখন জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন এবং সেখান থেকে দল যাবে পাকিস্তান। এর পরও মুস্তাফিজের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সাতদিনের জন্য এনওসি দিয়েছে বিসিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

১৮-২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে মুস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। যদিও আজ তিনি শারজায় স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। ওই ম্যাচ খেলেই উড়াল দেবেন ভারতের পথে। পরদিন দিল্লিতে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ রয়েছে ক্যাপিটালসের। দিল্লি পৌঁছেই তাকে মাঠে নামতে হতে পারে।