সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে অ্যাশেজ শুরু করল স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন জো রুট ও ডেভিড মালানের ব্যাটে লড়াইয়ের সম্ভাবনা জাগায় ইংল্যান্ড। কিন্তু গতকাল চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ২৯৭ রান। এতে অজিদের সামনে মাত্র ২০ রানের টার্গেট দিতে সমর্থ হয় দলটি। ৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে অনায়াসে রানগুলো তুলে নেয় অজিরা। প্রথম ইনিংসে অতিথিদের সংগ্রহ ছিল ১৪৭ রান। অপরদিকে স্বাগতিকরা করে ৪২৫ রান। অস্ট্রেলিয়া লিড পেয়েছিল ২৭৮ রানের। প্রথম ইনিংসের ঘাটতি আর কাটিয়ে উঠতে পারেনি জো রুটের দল।
৯ উইকেটের বিশাল জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজ ১-০-তে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। জয় দিয়েই অস্ট্রেলিয়ান ক্রিকেটে শুরু হলো ‘কামিন্সযুগ’।
পাঁজরে চোট থাকায় ছোট্ট লক্ষ্য তাড়ায় ডেভিড ওয়ার্নারকে ব্যাটিংয়ে নামায়নি অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিসের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষিক্ত অ্যালেক্স ক্যারি। শুরুটা রঙিন হয়নি এ উইকেটরক্ষক-ব্যাটারের। প্রথম ইনিংসে ১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৯ রানে। পরে হ্যারিস ৯ ও মার্নাস লাবুশেন ০ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে ড্রেসিং রুমে ফেরেন।
আগের দিন রুট ও মালানের দৃঢ়তায় ২ উইকেটে ২২০ রান করে ইংল্যান্ড। গতকাল সেখান থেকে ৭৭ রানের মধ্যে বাকি ৮ উইকেট হারায় দলটি! আগের দিন অপরাজিত থাকা ২ ব্যাটার রুট-মালান কাল শুরুতেই ফেরেন। মালান ইনিংসে যোগ করেন ২ রান। ব্যক্তিগত ৮২ রানে নাথান লায়নের শিকার হন তিনি। ১৯৫ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। অধিনায়ক রুটও আগের দিনের রানের সঙ্গে কাল মাত্র ৩ রান যোগ করে ফেরেন সাজঘরে। ১৬৫ বলে ৮৯ রান আসে ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে। ১০ বাউন্ডারিতে সাজান ইনিংসটি। এরপর বাকি ব্যাটারদের কেউ আর দলের হাল ধরতে পারেননি।
দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ৪ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অজি স্পিনার নাথান লায়ন (৪০৩* উইকেট)। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পর অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। সব দেশে মিলিয়ে তার অবস্থান ১৭তম।
প্রথম ইনিংসে ১৪৮ বলে ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন ট্রাভিস হেড। আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ১৪৭ ও ২৯৭ (মালান ৮২, রুট ৮৯, বাটলার ২৩, ওকস ১৬; লায়ন ৪/৯১, গ্রিন ২/২৩, কামিন্স ২/৫১)। অস্ট্রেলিয়া: ৪২৫ ও ২০/১ (ক্যারি ৯, হ্যারিস ৯*, লাবুশেন ০*; রবিনসন ১/১৩)। ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।










